
নিউজ ডেস্ক : কক্সবাজারে ৫০০ শয্যা বিশিষ্ট আধুনিক সরকারি হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
শনিবার বিকেলে কক্সবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার সারাদেশে উন্নয়ন যাত্রা অব্যাহত রেখেছে। এর মধ্যে স্বাস্থ্য খাত অন্যতম। উন্নয়নের ধারাবাহিকতায় আগামী ডিসেম্বরের মধ্যে কক্সবাজারে নতুন হাসপাতালের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেয়া হবে। নবনির্মিত মেডিকেল কলেজের পাশেই এ হাসপাতালটি কক্সবাজারের মডেল ও আধুনিক হাসপাতাল হিসেবে পরিণত হবে। জেলাবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করণে খুবই গুরুত্ব বহন করবে হাসপাতালটি।
নাসিম বলেন, কক্সবাজার সদর হাসপাতালে নার্স সংকট ও মেডিকেল কলেজে শিক্ষক স্বল্পতা রয়েছে। শিগগিরই এই সংকট নিরসন করা হবে।
২৫০ সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম।
মতবিনিময় সভায় কক্সবাজারের সিভিল সার্জন ডা. পুচনু বলেন, ২৫০ শয্যা প্রচীনতম সদর হাসপাতালটির উপর নির্ভরশীল জেলার প্রায় ২৩ লাখ মানুষ। নিয়ম মতে যে বরাদ্দ এ হাসপাতাল পাওয়ার কথা তার অর্ধেকও যদি পাওয়া যায় তাহলে স্বাস্থ্যসেবার মান আরো বাড়ানো যাবে।
সভায় কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফার প্রস্তাবনায় মন্ত্রী ৫০০ শয্যা আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। এই হাসপাতাল প্রতিষ্ঠিত হলে পর্যটন নগরী কক্সবাজার বিশ্বের কাছে আরো একধাপ এগিয়ে যাবে। প্রতিটি মানুষ সুন্দর ও সুষ্ঠু সেবার মান নিশ্চিত করতে পারবে। এটি কক্সবাজারবাসীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরো একটি উপহার।
সভার আগে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের শিশু ওয়ার্ড, মহিলা ওয়ার্ড, আইসিইউ ও ওসিসি সেন্টার পরিদর্শন করেন।
মতবিনিময় সভায় কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, হাসপাতালের তত্ত্বাবধায়ক এস এম আবু সাঈদ ও মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রেজাউল করিম প্রমুখ।