News71.com
 Bangladesh
 05 Nov 16, 07:01 PM
 294           
 0
 05 Nov 16, 07:01 PM

বিএমএ নির্বাচন বর্জনের ঘোষণা ড্যাবের

বিএমএ নির্বাচন বর্জনের ঘোষণা ড্যাবের

 

নিউজ ডেস্ক: আসন্ন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নির্বাচনে অংশগ্রহণ করবে না বিএনপি অনুসারী ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ড্যাব মহাসচিব অধ্যাপক ডা. জাহিদ হোসেন আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচন বর্জনের এ ঘোষণা দেন।

বিএমএ’র সাবেক যুগ্ম মহাসচিব ও ড্যাব কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তাক রহিম স্বপন শনিবার সন্ধ্যায় এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, নির্বাচনে সব চিকিৎসকের অংশগ্রহণের অনুকূল পরিবেশ না থাকায় ড্যাব শীর্ষ নেতারা এ সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরো বলেন, বিএমএ’র প্রচলিত রীতিনীতি অনুযায়ী নির্বাচন কমিশন গঠনের আগে সাধারণত নির্বাচনে যারা অংশগ্রহণ করেন তাদের প্রত্যেকের সঙ্গে সৌজন্য বৈঠক করে কমিশন গঠন করা হয় কিন্তু এবার তা না করেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে বিএমএ’র বর্তমান কমিটির কাছে চিঠি দেয়া হলেও তারা চিঠির উত্তর দেয়নি। তাছাড়া সদস্যপদ সংগ্রহের জন্যও পর্যাপ্ত সময় দেয়া হয়নি। তারপরও ড্যাব নেতারা নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা নিয়ে সদস্যপদ সংগ্রহ করেন।

ড্যাবের এই নেতা বলেন, শিডিউল ঘোষণা অনুযায়ী ৭ নভেম্বর নমিনেশন ফরম জমা দেয়ার শেষ সময় ছিল। কিন্তু হঠাৎ করে একদিন কমিয়ে তা ৬ নভেম্বর করা হয়। সার্বিক বিষয় পর্যালোচনা করে নেতারা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন