
নিউজ ডেস্ক: রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে বিশ্ব নেতারাও আজ বলছেন, ‘ফলো বাংলাদেশ, ফলো শেখ হাসিনা।’
শনিবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ শ্রীকাইল কলেজের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে কলেজ মাঠে আয়োজিত হীরক জয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে কলেজটি জাতীয়করণ ও উন্নয়নে সার্বিক সহযোগিতার জন্য কুমিল্লা-৩ মুরাদনগরের সংসদ সদস্য আলহাজ ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএকে হীরক সংবর্ধনা দেয়া হয়।
অধ্যক্ষ মিয়া মোহাম্মদ গোলাম সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজি মোহাম্মদ ফখরুল, রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক আলহাজ মো. ওমর ফারুক, সাবেক সচিব শাহজাহান ছিদ্দিকী বীর বিক্রম, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আজিজুর রহমান, মুরাদনগর সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন আল রশিদ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ম. রুহুল আমীন, কেন্দ্রীয় যুবলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আ.ক.ম গিয়াস উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশের খ্যাতনামা কণ্ঠশিল্পী সংসদ সদস্য মমতাজ গানের তালে হীরক জয়ন্তী উৎসব মাতিয়ে তোলেন। পরে কলেজের প্রতিষ্ঠাতা অমর শিক্ষানুরাগী ক্যাপ্টেন নরেন্দ্র নাথ দত্তের জীবনশৈলী নিয়ে বিটিভি নির্মিত পান্থজনের সখা নামের একটি প্রামাণ্যচিত্র দর্শকদের মুগ্ধ করে।