
নিউজ ডেস্ক: গত আট বছরে দরিদ্র জনগোষ্ঠির মানুষ দারিদ্র্যকে জয় করে তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে স্বাভাবিক জীবনযাপন করছে। যদিও এক দশক আগেও আশ্বিন ও কার্তিক মাসে মঙ্গার কারণে মানুষ দুর্দশার মধ্যে জীবনযাপন করত। এখন সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরির বিভিন্ন কর্মসূচি (এসএসএনপি) সমূহ সফলভাবে বাস্তবায়নের কারণে তা দূর হয়েছে।
রংপুরের জেলা প্রশাসক রাহাত আনোয়ার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার দেয়া দরিদ্র, অনগ্রসর ও পিছিয়ে থাকা জনগোষ্ঠিকে এগিয়ে আনতে বর্তমান সরকার এসএসএনপি কার্যক্রম বাস্তবায়ন করছে।
জেলা প্রশাসন থেকে জানানো হয়, এসএসএনপি কার্যক্রমের মধ্যে রয়েছে টেস্ট রিলিফ (টিআর), কাজের বিনিময়ে খাদ্য (এফএফডব্লিউ), কাজের বিনিময়ে টাকা (কাবিটা), ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (ভিজিডি), ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ), বয়ষ্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, দুস্থ নারী ও বিধবা ভাতা। এসএসএনপি-এর মধ্যে আশ্রয় প্রকল্প, ক্ষুদ্র ঋণ, প্রশিক্ষণ, মুক্তিযোদ্ধা ভাতা, তালাকপ্রাপ্ত, গরিব গর্ভবতী নারী, খোলা বাজারে চাল বিক্রি, ১০ টাকা দরে চাল বিক্রি, উপবৃত্তি, পুনর্বাসনসহ বিভিন্ন প্রকল্প রয়েছে। আশ্রয়ন প্রকল্প কার্যক্রমের মাধ্যমে ৪ হাজার ২শ’ ৫০ নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারকে ৩৭ টি প্রকল্পের মাধ্যমে ৪শ’ ৮৬ টিন শেড ঘরে পুনর্বাসিত করা হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ফরিদুল হক জানান, টিআর, এফএফডব্লিউ এবং কাবিটা কর্মসূচি বাস্তবায়নে চলতি অর্তবছরে ৭ হাজার ৮শ’ ৭৪ টন খাদ্যশস্য বিতরণ করা হয়েছে।
তিনি জানান, ৪০ দিনের কর্মসংস্থান সৃষ্টি কার্যক্রমের আওতায় ৪৮ হাজার ৮৫ দরিদ্র মানুষের মধ্যে ৩৮ কোটি ৪৬ লাখ টাকা বিতরণ করা হয়েছে এবং ৮ লাখ ২২ হাজার পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় ১২ হাজার ৩শ’ ৯২ টন চাল বিতরণ করা হয়েছে। জেলা নারী বিষয়ক কর্মকর্তা কাওসার পারভীন জানান, ২০১৫-১৬ অর্থ বছরে ১৯ হাজার ৬শ’ ৪ জন অসহায় নারীকে ভিজিএফ কর্মসূচির আওতায় ১৪ হাজার ১১৪ টন চাল-গম বিতরণ করা হয়েছে। পারভীন বলেন, চলতি অর্থ বছরে ৪ হাজার ৩ শ’ ৯২ জন দরিদ্র গর্ভবতী নারীর মাঝে ২৬ কোটি ৩৫ লাখ টাকা ভাতা প্রদান করা হয়েছে। ১ হাজার ৮শ’ দরিদ্র মায়েদের ১ কোটি ৮ লাখ টাকা, ৮ শ’ ৮৫ জন প্রশিক্ষিত নারীর মাঝে ৯৯ লাখ টাকার চক্রাকারে ঋণ দেয়া হয়েছে। যুব উন্নয়ন বিভাগ ২ হাজার ৪শ’ ৬৮ বেকার যুব নারী ও পুরুষকে আত্মনির্ভরশীল করতে ১১ ধরনের ভোকেশনাল ও অন্যান্য প্রশিক্ষণ দেয়া হয়েছে।
যুব উন্নয়ন বিভাগের উপপরিচালক দিলগির আলম বলেন, জেলার ১৪ হাজার ১শ’ ৭ জন প্রশিক্ষিত যুব পুরুষ ও নারীর মাঝে ১৯ কোটি ১৫ লাখ টাকা ঋণ দেয়া হয়েছে। সমাজসেবা বিভাগের উপপরিচালক নাজমুন নাহার বলেন, চলতি অর্থ বছরে ৯১ হাজার ২ শ ৮১ জন বয়ষ্ক, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা ও বিধবাকে ৫৯ কোটি ৬৩ লাখ টাকার ভাতা প্রদান করা হয়েছে।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) উপপরিচালক আবদুস সবুর বলেন, বিআরডিবি-এর সহায়তা এবং ঋণ কার্যক্রমের বাস্তবায়নের মাধ্যমে ৯৩ হাজার ৪ শ ৩৩ জন দরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম নুরুন নবী বলেন, রংপুর অঞ্চলের মঙ্গা দূর করে জীবনমান উন্নয়নে এসএসএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বিভাগীয় কমিশনার কাজি হাসান আহমেদ বলেন, এসএসএনপিসহ সরকারের ব্যাপক হস্তক্ষেপের মাধ্যমে দরিদ্র মানুষের আর্থসামাজিক উন্নয়নের ফলে মঙ্গা এখন একটি ইতিহাসের শব্দে পরিণত হয়ে গেছে।