News71.com
 Bangladesh
 07 Nov 16, 10:28 AM
 269           
 0
 07 Nov 16, 10:28 AM

গাবতলী গরুর হাটে অতিরিক্ত খাজনা আদায় বন্ধ না হলে ঢাকায় মাংস ব্যবসা বন্ধের হুমকি মাংস ব্যবসায়ী সমিতির

গাবতলী গরুর হাটে অতিরিক্ত খাজনা আদায় বন্ধ না হলে ঢাকায় মাংস ব্যবসা বন্ধের হুমকি মাংস ব্যবসায়ী সমিতির

নিউজ ডেস্ক : রাজধানীর গাবতলী গরুর হাটে  অতিরিক্ত মাত্রা খাজনা আদায় বন্ধ না হলে ঢাকা শহরে মাংস ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন মাংস ব্যবসায়ী সমিতির নেতারা। রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম। সংবাদ সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি ও ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতি।

সংবাদ সম্মেলনে রবিউল আলম অভিযোগ করেন, রাজধানীর গাবতলী গরুর হাটের ইজারাদার মজিবর দীর্ঘদিন ধরে অতিরিক্ত খাজনা আদায় করছে। এর প্রতিবাদ করায় বিচারের নামে মাংস ব্যবসায়ীদের উপর শারীরিক আক্রমণ, জোর-জুলুম ও চাঁদাবাজি করছে মজিবর বাহিনী। তিনি বলেন, এ বাহিনীর বিরুদ্ধে রাজধানীর দারুস সালাম ও মোহাম্মদপুর থানায় একাধিক ডায়েরি ও মামলা করা হলেও কোনো প্রতিকার হয়নি। উল্টো তাদের জোর-জুলুম ও চাঁদাবাজি বেড়েই চলছে। এখন তারা আমাদের ওপর শারীরিক আক্রমণ শুরু করছে। রবিউল আলম অভিযোগ করেন, সম্প্রতি মাংস ব্যবসায়ী গোলাম মর্তুজা মন্টুর ওপর শারীরিক নির্যাতন করা হয়েছে। তাই ইজারাদারদের অপকর্ম, জুলুম ও চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ঢাকায় মাংস ব্যবসা বন্ধ করতে হবে। না হয় মাংসের জন্য অতিরিক্ত মূল্য আদায় করতে হবে মানুষের কাছ থেকে। 

গাবতলী গরুর হাটের ইজারাদারের অত্যাচার থেকে মুক্তি পেতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একটি গরুর হাট স্থাপনের দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মর্তুজা মন্টুসহ সমিতির সদস্য শামিম আহম্মেদ, ফরিদ আহম্মেদ, আনোয়ার হোসেন প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন