
নিউজ ডেস্ক : নতুন নির্বাচন কমিশন পুনর্গঠনের প্রস্তাব দেবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শিগগিরই ২০ দলীয় জোটের শরিক দলগুলোর সঙ্গে এ বিষয়ে আলোচনার মাধ্যমে নির্ধারণ করে সংবাদ সম্মেলন করবেন খালেদা জিয়া। ইতিমধ্যে প্রস্তাব প্রণয়ন করা হচ্ছে। শিগগিরই জোটের বৈঠক ডাকবেন তিনি। গতকাল রবিবার রাতে খালেদা জিয়া তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে বৈঠকে এ কথা জানিয়েছেন। বৈঠক শেষে জাপার মহাসচিব মোস্তফা জামাল হায়দার এ তথ্য জানান।
রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জাপার প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক শুরু হয়। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। জাপার (জাফর) নেতৃত্ব দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টিআই ফজলে রাব্বী চৌধুরী।জানা গেছে, জাপার নেতারা খালেদা জিয়াকে ইসি পুনর্গঠন ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে আরও জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন।
জাপার মহাসচিব মোস্তফা জামাল হায়দার জানান, ‘শিগগিরই হয়তো জোটনেত্রী এ বিষয়ে জাতির সামনে আসবেন। তবে এর আগে তিনি জোটের সঙ্গে বসবেন বলেও জানান। তিনি বলেছেন, যে শিগগিরই এ ব্যাপারে সবাইকে ডাকবেন।’ইতিমধ্যে দুই দফা গুলশানে খালেদা জিয়া বিএনপির শীর্ষ কয়েকজন নেতাকে ডেকে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে আলোচনা করেন। এ নিয়ে তিনি কয়েকজনকে দায়িত্বও দেন প্রস্তাবনা তৈরির।
মোস্তফা জামাল হায়দার জানান, ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য শক্তিশালী নির্বাচন কমিশনের কোনও বিকল্প নেই। এ ব্যাপারে আমরা জোর দিয়েছি। খালেদা জিয়াকে পরামর্শ দিয়েছি, নির্বাচন কমিশনের পাশাপাশি নিরপেক্ষ সরকারের অধীনে যেন নির্বাচন হয়, এ দু’টি বিষয় নিয়ে তাদের জোর দিতে হবে।’
মোস্তফা জামাল ইঙ্গিত দেন, ‘নির্বাচন কমিশন পুনর্গঠন ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতেই পরবর্তী কর্মসূচি নিয়ে আন্দোলনে আসতে পারে বিএনপি-জোট।’ উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারিতে বর্তমান ইসির মেয়াদ শেষ হবে।