
নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেছেন, মনোরোগ বিদ্যা বিভাগের চিকিৎসকদের কাছে রোগীরা শুধু চিকিৎসাসেবা নিতে আসেন না তারা আশ্রয়ের জন্যও আসেন। তিনি বলেন, কারণ এ ধরনের রোগীরা খুবই অসহায় অবস্থায় থাকে। তাই মনোরোগ বিদ্যা বিভাগের চিকিৎসকদের একটু বেশি হাসি-খুশি ও অধিক ধৈর্য্য থাকাটাই স্বাভাবিক। যাতে করে রোগীরা প্রাণ খুলে চিকিৎসকের কাছে মনের কথা (রোগীর সমস্যা কথা) বলতে পারেন।
তিনি আজ সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)’র বি ব্লকের ডা. মিল্টন হলে মনোরোগ বিদ্যা বিভাগের যৌন সমস্যা, যৌনরোগ, যৌনস্বাস্থ্য বিষয়ক বিশেষায়িত সেবা কেন্দ্র সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিকের উদ্যোগে আয়োজিত ‘সেক্সচুয়াল ডিসফানকশন: এ হিডেন চাপ্টার ইন সাইকিয়াট্রি’ শীর্ষক দু’ দিনব্যাপী কর্মশালার সমাপনী দিনে প্রশিক্ষণার্থী চিকিৎসকদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এএসএম জাকারিয়া (স্বপন)।
সভাপতিত্ব করেন মনোরোগ বিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. ঝুনু শামসুন নাহার।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ডা. এস এম এ সালাহ্উদ্দীন কাউসার (বিপ্লব)। কর্মশালায় ৩০ জন প্রশিক্ষণার্থী চিকিৎসকের মাঝে সনদ বিতরণ করা হয়।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডি ব্লকের ১২ তলায় সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিকে যৌন বিষয়ে অপবিশ্বাস বা ভুল ধারণা, যৌন সমস্যা বিষয়ে পরামর্শ, যৌন আগ্রহজনিত সমস্যা, যৌন উত্তেজনা জনিত সমস্যা, যৌনানুভূতি সংক্রান্ত সমস্যা, যৌনকালীন স্থায়ীত্বের সমস্যা, যৌনকালীন সময়ে ব্যাথা, স্বাভাবিক ও অস্বাভাবিক যৌন আকর্ষণ জনিত সমস্যা ইত্যাদি বিষয়ে বিজ্ঞানসম্মত চিকিৎসা ও পরামর্শ দেয়া হয়।