News71.com
 Bangladesh
 07 Nov 16, 08:09 PM
 317           
 0
 07 Nov 16, 08:09 PM

নিয়মিত স্বাস্থ্য কমপ্লেক্স কমিউনিটি ক্লিনিক পরিদর্শনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

নিয়মিত স্বাস্থ্য কমপ্লেক্স কমিউনিটি ক্লিনিক পরিদর্শনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও সিভিল সার্জনদের নিয়মিত উপজেলা ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স এবং কমিউনিটি ক্লিনিক পরিদর্শনের নির্দেশ দিয়েছেন।

তিনি আজ সচিবালয়ে নিজ অফিস কক্ষ থেকে ভিডিও কনফারেন্স যোগে কয়েকটি বিভাগের স্বাস্থ্য পরিচালক ও জেলার সিভিল সার্জনের সাথে মত বিনিময়কালে এ নির্দেশ দেন। তৃণমূল পর্যায়ের স্বাস্থ্য সেবা সম্পর্কে আকস্মিক খোঁজ খবর নেয়ার পদক্ষেপ হিসাবে তিনি এই ভিডিও কনফারেন্সের উদ্যোগ নেন। তিনি বলেন, হাসপাতালে চিকিৎসক ও নার্সসহ চিকিৎসা সেবায় নিয়োজিত সকল স্তরের জনবলের উপস্থিতি নিশ্চিত করার জন্য তদারকি ব্যবস্থা জোরদার করতে হবে। মন্ত্রী গ্রামের দরিদ্র মানুষ যেন সহজে ও বিনামূল্যে চিকিৎসা পায় সেদিকে লক্ষ্য রেখে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হাসপাতালের যন্ত্রপাতি সচল রাখতে সংশ্লিষ্টদের সব সময় সতর্ক থাকার তাগিদ দেন ।

এসময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব মোঃ সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ মন্ত্রণালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মন্ত্রী আজ মাদারীপুর, নড়াইল, নোয়াখালী, পাবনা, খুলনা, মেহেরপুর, রাজশাহী, রাঙ্গামাটি, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, সিলেট-এর সিভিল সার্জন এবং রংপুরের বিভাগীয় স্বাস্থ্য পরিচালকদের সাথে পৃথক পৃথকভাবে কথা বলে মাঠ পর্যায়ের হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও নার্সদের উপস্থিতি এবং যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সম্পর্কে খোঁজ খবর নেন।এসময় বিভাগীয় পরিচালক ও সিভিল সার্জনগণ নিজ নিজ বিভাগ ও জেলার জনবল সংকট, যন্ত্রপাতি ও ভবন রক্ষণাবেক্ষণের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। মন্ত্রী এ সময় তাদের সমস্যার কথা শোনেন এবং সংশ্লিষ্টদের সমস্যা সমাধানের ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।স্বাস্থ্য মন্ত্রী পর্যায়ক্রমে দেশের সকল জেলা ও উপজেলা হাসপাতালের খবর নেয়ার জন্য আকস্মিক ভিডিও কনফারেন্স করার সিদ্ধান্ত নিয়েছেন।

এছাড়া বাংলাদেশে ইউএনএফপিএ’র প্রতিনিধি আর্জেন্টিনা মাতাভেল আজ সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সাথে সাক্ষাৎ করেন। এসময় তিনি বাংলাদেশে মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নে মিডওয়াইফ সেবা সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করেন।

তিনি জানান, বাংলাদেশে মিডওয়াইফ পেশায় আগ্রহীদের উন্নত প্রশিক্ষণের সুযোগ তৈরি হয়েছে। তবে পর্যাপ্ত অবকাঠামো সুবিধা বাড়ানোর পাশাপাশি মিডওয়াইফদের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য তিনি স্বাস্থ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানান।সারা দেশের হাসপাতালগুলোতে শীঘ্রই প্রায় দশ হাজার নার্স নিয়োগ দেয়া হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ১০ হাজার নার্স নিয়োগ দিচ্ছে। তারই প্রতিশ্রুতি অনুযায়ী তিন হাজার মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ দেয়া হয়েছে। শীঘ্র পিএসসির মাধ্যমে ৬শ’ নার্স নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন