
নিউজ ডেস্ক: রাজশাহী শিল্প ও বণিক সমিতি (আরসিসিআই) নতুন পরিচালনা পরিষদ শপথ নিয়েছে। সোমবার সন্ধ্যায় রাজশাহী চেম্বার ভবন মিলনায়তনে নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করান সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
প্রথমে এককভাবে শপথ নেন চেম্বারের নব-নির্বাচিত সভাপতি মনিরুজ্জামান মনি। এরপর সহ-সভাপতি মনজুর রহমান পিটার এবং ১২ জন পরিচালক একসঙ্গে শপথ নেন। সভাপতি ও সহসভাপতি সহ ২০১৬-২০১৮ মেয়াদের এ পরিষদের ১২ সদস্যই পুনরায় নির্বাচিত হলেন। এবারের নির্বাচনে তাদের প্রতিদ্বন্দ্বী ছিল না।
শপথবাক্য পড়ানোর পর বাদশা বলেন, এই শপথ রাজশাহীর উন্নয়নের শপথ। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া রাজশাহীকে এগিয়ে নিতে এ সময় ব্যবসায়ী নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান বাদশা। তাদের এক যোগে কাজ করারও আহ্বান জানান তিনি। এ নিয়ে ব্যবসায়ীদের সহায়তা চান। ব্যবসায়ীরা সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতিও দেন।
তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নে রাজশাহীকে বাদ দিয়ে দেখা হয়। এটি আমলাতান্ত্রিক সমস্যা। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরে সেগুলো বাদ দিতে একটি অংশের অপতৎপরতার কথাও জানান তিনি। অবিলম্বে রাজশাহীর শিল্পে গ্যাস দিতে সংশ্লিষ্টদেরপ্রতি আহ্বান জানান সংসদ সদস্য।
রাজশাহী শিল্প ও বণিক সমিতির সভাপতি মনিরুজ্জামান মনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতাউল গণি। অনুষ্ঠানে রাজশাহীর সর্বস্তরের ব্যবসায়ীরা অংশ নেন।