
নিউজ ডেস্ক : রংপুর কর অঞ্চলে অনুষ্ঠিত আয়কর মেলা থেকে ২৩ কোটি ১১ লাখ টাকা সংগৃহীত হয়েছে।নগরীর রংপুর অঞ্চলের কর কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী আয়কর মেলা- ১ নভেম্বর থেকে শুরু হয়ে সোমবার শেষ হয়েছে।
এছাড়া রংপুর অঞ্চলের অধীনে চারদিনব্যাপী আয়কর মেলা দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলাপর্যায়ে এবং দু’দিনব্যাপী মেলা পাঁচটি উপজেলায় অনুষ্ঠিত হয়।রংপুর অঞ্চলের কর কমিশনার মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে রাজধানী জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে সোমবার সন্ধ্যায় মেলা শেষে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শুল্ক, আবগারী ও ভ্যাট কমিশনারেটের বিভাগীয় কমিশনার মো. আহসানুল হক। উপস্থিত ছিলেন রংপুর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার আব্দুস সাহেদ কবির ও যুগ্ম কমিশনার মো. মতিয়ার রহমান।
হারুন-অর-রশিদ বলেন, এই সময় মেলা থেকে ২৩ কোটি ১১ লাখ ৮২ হাজার ৬৫২ টাকা আয়কর সংগৃহীত হয়েছে। যা রংপুর আয়কর অঞ্চলের অধীনে গত বছর অনুষ্ঠিত মেলা থেকে ১ কোটি ৮৪ লাখ টাকা বেশি। তিনি বলেন, এই অঞ্চলে ২১ হাজার ৯৪৪ করদাতা আয়কর কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন সেবা নিয়েছেন। গত বছর ১৩ হাজার ২৬৩ করদাতা সেবা নিয়েছিলেন। তিনি বলেন, পাঁচ হাজার ১৮৯ জন করদাতা আয়কর রিটার্ন দাখিলের মাধ্যমে ২৩ কোটি ১১ লাখ আয়কর পরিশোধ করেন যা গতবছর ছিল তিন হাজার ৮০৯ জন করদাতা।
তিনি আরো বলেন, এই মেলায় এক হাজার ৪৩৬ জন নতুন করদাতা টিআইএন নম্বর রেজিস্ট্রেশন করেছেন। প্রধান অতিথি চলতি বছর মেলায় আয়কর কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন সেবা গ্রহণের মাধ্যমে ও মেলা পরিদর্শনের পর করদাতার সংখ্যা বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি আয়কর মেলার মাধ্যমে সামর্থবান নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্য অর্জনে সফল বলে মনে করেন।