News71.com
 Bangladesh
 08 Nov 16, 04:24 PM
 237           
 0
 08 Nov 16, 04:24 PM

খাদিজার হামলাকারী বদরুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট : শুনানী ১৫ নভেম্বর

খাদিজার হামলাকারী বদরুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট : শুনানী ১৫ নভেম্বর

নিউজ ডেস্ক : সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিস হত্যা প্রচেষ্টা মামলার চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) থেকে বহিষ্কৃত বদরুল আলমকে একমাত্র আসামি করে আজ সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা হারুনুর রশীদ আদালতে এ চার্জশিট জমা দেন। চার্জশিট প্রদানের বিষয়টি নিশ্চিত করে সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের পিপি মফুর আলী বলেন, চার্জশিটের উপর শুনানী অনুষ্ঠিত হবে আগামী ১৫ নভেম্বর। আদালত চার্জশিট গ্রহণ করলে মামলার বিচার কাজ শুরু হবে।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) জেদান আল মুসা বলেন, মামলায় একজনকে আসামি ও ৩৬ জন সাক্ষী রাখা হয়েছে। সুষ্ঠুভাবে বিচারকাজ পরিচালনার মাধ্যমে দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। গত ৩ অক্টোবর এমসি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়ে ফেরার পথে ক্যাম্পাসেই খাদিজাকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে বদরুল আলম। কুপিয়ে পালানোর সময় উপস্থিত শিক্ষার্থীরা তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। হামলার ঘটনায় ৪ অক্টোবর সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানায় মামলা দায়ের করেন খাদিজার চাচা আব্দুল কুদ্দুস। ৫ অক্টোবর হামলার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন বদরুল।

হামলায় গুরুতর আহত খাদিজাকে উদ্ধার করে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকার স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ১০ দিন লাইফ সাপোর্টে থাকার পর ১৩ অক্টোবর খাদিজার লাইফ সাপোর্ট খুলে নেয়া হয়। তিন দফা অস্ত্রোপচারের পর খাদিজার অবস্থা বর্তমানে উন্নতির পথে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন