
নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নেতৃবৃন্দ তীব্র নিন্দা জানিয়েছেন। তারা আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব ঘটনায় জড়িত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোন সভ্য সমাজে এ ধরনের সহিংসতা কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না। এ সব অপকর্ম বাংলাদেশের গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক পরিচিতি ধ্বংস করার একটি হীন প্রয়াস।
এফবিসিসিআই মনে করে, দেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি ধব্বংস করার জন্য এটি একটি উদ্দেশ্যমূলক যড়যন্ত্র। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন আশা করছে যে, সরকার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এসব ঘটনার পেছনে জড়িতদের পরিচয় ও উদ্দেশ্য উদঘাটন করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবে। আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সরকার দ্রুত দোষীদের শাস্তির ব্যবস্থা করবে বলে এফবিসিসিআই দাবি জানাচ্ছে।
যে কোন সন্ত্রাস বা জঙ্গি কর্মকান্ড প্রতিরোধে বর্তমান সরকারের গৃহিত পদক্ষেপ দেশে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে বলে উল্লেখ করে এফবিসিসিআই’র নেতৃবৃন্দ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, সাম্প্রতিক হামলার ঘটনা প্রতিরোধেও সরকার সফল হবে।
এ ধরনের সংকট মোকাবেলায় দেশের ব্যবসায়ী সম্প্রদায় পূর্ণ সমর্থন প্রদানে প্রস্তুত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।