
নিউজ ডেস্ক : রাজধানীর মগবাজার মধুবাগের উজ্জীবন গলির ই-৮ নম্বর বাসা থেকে গতকাল মঙ্গলবার রাতে ডলি রানী বণিক (৪৬) নামে এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকাল থেকে সন্ধ্যার মধ্যে যেকোনো সময়ে দুর্বৃত্তরা বটি দিয়ে গলা কেটে ঐ নারীকে হত্যা করেছে বলে পুলিশের ধারণা। নিহত ডলি বণিক দুই ছেলে জুয়েল বণিক আর দীপ্ত বণিককে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। তার স্বামী মালয়েশিয়ায় থাকেন। ডলির বড় ছেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়েন। ছোট ছেলে এবার নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাসের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির তালিকায় রয়েছেন।
ছোট ছেলে দীপ্ত বণিক জানান, তিনি দুপুরে বাসা থেকে বের হন। তার ভাইও একই সময়ে বাসা থেকে বের হন। সন্ধ্যায় বাসায় ফিরে দরজায় শব্দ করলেও ভেতর থেকে তার মা দরজা খুলছিলেন না। এরপরই তিনি বাড়ি ছাদ বেয়ে বেলকনি দিয়ে বাসায় ঢুকে রক্তাক্ত মাকে পড়ে থাকতে দেখেন।কারা কি কারণে তার মাকে হত্যা করতে পারে, সে বিষয়ে দীপ্ত জানান, ৩/৪ দিন ধরে তার মা বলছিলেন, তাকে কেউ অনুসরণ করে বলে তার কাছে মনে হচ্ছে। এজন্য তিনি খুব বাইরে যেতেন না। বড় ছেলে জুয়েল বণিক বলেন, তাদের কোনো শত্রু নেই।
রমনা থানার ওসি মশিউর রহমান জানান, দুই ছেলের বক্তব্য গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। দুর্বৃত্তরা বাসায় ঢুকল কীভাবে এবং বের হল কীভাবে তা খতিয়ে দেখা হচ্ছে। তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, বাসায় লুটপাট চালাতে গিয়ে বাধা পেয়ে কেউ হয়তো ওই নারীকে হত্যা করেছে।
হাতিরপুলে দুই শিক্ষার্থী ছুরিকাহত : সোমবার রাত ৮টার দিকে হাতিরপুল মোতালিব প্লাজার সামনে অজ্ঞাত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইমন হোসেন (১৪) ও মুন্না (১৪) আহত হয়েছে। ইমন ধানমন্ডি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। তাদের বাড়ি ভূতের গলি পুকুরপাড়। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছুরিকাঘাতের কারণ জানা যায়নি।