News71.com
 Bangladesh
 09 Nov 16, 01:01 PM
 317           
 0
 09 Nov 16, 01:01 PM

জামিন পেলেন এমপি গাজী ম ম আমজাদ হোসেন

জামিন পেলেন এমপি গাজী ম ম আমজাদ হোসেন

নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হকের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলন।

বুধবার বেলা ১১টায় সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলন সিরাজগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী আদালত তাড়াশ) আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানী শেষে বিচারক শরিফুল ইসলাম তার জামিন মঞ্জুর করেন।

অ্যাড. রফিকুল ইসলাম বাটুল সংসদ সদস্য ম ম আমজাদ হোসেন মিলনের জামিনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০ হাজার টাকার বন্ডে এমপিকে জামিন দিয়েছেন আদালত।

তাড়াশ আমলী আদালতের জিআরও জাহিদুল ইসলাম জাহিদ জামিনের বিষয়টি নিশ্চিত করে জানান, এর আগে ৮ নভেম্বর একই মামলায় এমপির ছেলেসহ ৮ নেতাকর্মীকে জামিন দেন একই আদালত।

মামলার নথি সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর সকালে তাড়াশ উপজেলা পরিষদ হলরুমে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এমপি ও উপজেলা চেয়ারম্যানদের সমর্থকদের বাকবিতণ্ডা হয়। এ ঘটনায় সভা স্থগিত করে এমপি মিলন বাসায় চলে যান। দুপুরে স্থানীয় চেয়ারম্যানদের নিয়ে উপজেলা চেয়ারম্যান আব্দুল হক তার বাসায় বৈঠক করছিলেন।

এসময় আসামিরা উপজেলা পরিষদে চেয়ারম্যানে কক্ষে হামলা চালিয়ে চেয়ারম্যান আব্দুল হককে গুরুতর আহত করে। এছাড়াও তার কক্ষের আসবাপত্র ভাঙচুর করা হয়। গুরুতর আহত উপজেলা চেয়ারম্যান বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় চেয়ারম্যানের ভাগিনা ও তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ বাদী হয়ে এমপি ম ম আমজাদ হোসেন মিলন, তার দুই ছেলে, ব্যক্তিগত সহকারী ও তাড়াশ প্রেসক্লাবের সভাপতিসহ ১৪ জনকে আসামি করে তাড়াশ থানায় মামলা দায়ের করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন