News71.com
 Bangladesh
 09 Nov 16, 05:25 PM
 298           
 0
 09 Nov 16, 05:25 PM

আগ্রাবাদে সশস্ত্র সংঘাত, আটক ১৫

আগ্রাবাদে সশস্ত্র সংঘাত, আটক ১৫

নিউজ ডেস্ক: নগরীর আগ্রাবাদে সিজিএস কলোনিতে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের সশস্ত্র সংঘাতের ঘটনায় ১৫ জনকে আটক করেছে পুলিশ।  এর মধ্যে সাতজন সংঘাতের ঘটনায় এজাহারভুক্ত আসামি।

গতকাল মঙ্গলবার (০৮ নভেম্বর) রাতভর সিজিএস কলোনিতে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করতে সক্ষম হয় ডবলমুরিং থানা পুলিশ।

ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম  বলেন, সংঘর্ষের সময় অস্ত্রধারী যে কয়েকজনের ছবি পত্রিকায় এসেছে তাদের মধ্য থেকে শাহীন নামে একজনকে আমরা আটক করতে পেরেছি।  অবৈধ অস্ত্র উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত সব সন্ত্রাসীকে গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।

গত ১ নভেম্বর সিজিএস কলোনিতে সশস্ত্র সংঘাতের ঘটনা ঘটে।  এসময় বেশ কয়েকটি বাসায় হামলা, ভাংচুর ও লুটপটের ঘটনাও ঘটে।

সংঘর্ষে জড়িতরা নিজেদের এলাকায় ছাত্রলীগ কর্মী হিসেবে পরিচয় দেয় বলে গণমাধ্যমের খবর প্রকাশিত হয়।

সংঘর্ষে জড়িতরা স্থানীয় কাউন্সিলর এম এইচ সোহেল এবং বহিষ্কৃত কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমনের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত।

কাউন্সিলর সোহেল ও লিমন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী।

পুলিশ সূত্র জানায়, আধিপত্য বিস্তার, গণপূর্ত অধিদপ্তরের দরপত্র নিয়ন্ত্রণ এবং ফুটপাত দখলকে কেন্দ্র করে এই সংঘাতের ঘটনা ঘটে।  এরপর আরও দুইবার সশস্ত্র সংঘাতে জড়ায় সন্ত্রাসীরা।  তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখলেও কাউকে গ্রেফতারে ব্যর্থ হয়।

সার্বিক পরিস্থিতিতে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য জরুরি ভিত্তিতে গত ৪ নভেম্বর ডবলমুরিং থানায় বদলি করা হয় ওসি একেএম মহিউদ্দিন সেলিমকে।  এরপর মঙ্গলবার রাতে মহিউদ্দিন সেলিমের নেতৃত্বে চলে প্রথম দফা অভিযান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন