
নিউজ ডেস্কঃ যশোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আরিফ হোসেন (২২) নামে এক ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন। আজ বুধবার ভোরে শহরতলী শেখহাটি কালিতলা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।আরিফ শেখহাটি এলাকার আবুল হোসেনের ছেলে ও সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, বুধবার ভোরে শহরতলী শেখহাটি কালিতলা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরিফ পুলিশের ওপর গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশ এক রাউন্ড গুলি করলে আরিফের পায়ে গুলি লাগে। পরে তার কাছ থেকে ১টি পিস্তল, ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি, ১টি রামদা ও চাকু উদ্ধার করে পুলিশ।
গুলিবিদ্ধ আরিফকে যশোর মেডিকেল কলেজ (যমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
অপরদিকে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলের দাবি, ছাত্রলীগ নেতা আরিফকে বাড়ির সামনে থেকে ধরে নিয়ে পায়ে গুলি করেছে পুলিশ । তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান ও জড়িত পুলিশ সদস্যের শাস্তি দাবি জানান ।