
নিউজ ডেস্ক : তামাকপণ্যে স্বাস্থ্য সতর্কবাণী প্রদানের বৈশ্বিক সূচকে বাংলাদেশের সাফল্য অর্জিত হয়েছে। সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের অবস্থান এখন সারাবিশ্বে ৫৭ তম।কানাডিয়ান ক্যান্সার সোসাইটি সারা বিশ্বে তামাকপণ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণী প্রদানের অবস্থা নিয়ে তাদের ৫ম প্রতিবেদন ‘সিগেরেট প্যাকেজ হেলথ ওয়ারনিংস : ইন্টারন্যাশনাল স্টেটাস রিপোর্ট ২০১৬-তে তামাকপণ্যে স্বাস্থ্য সতর্কবাণী প্রদানের বৈশ্বিক সূচকে বাংলাদেশের এই আবস্থানের কথা বলা হয়েছে।এই প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের অবস্থান এখন সারাবিশ্বে ৫৭তম। ২০১৪ সালে প্রকাশিত ৪র্থ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ছিল ১১০তম। প্রতিবেদনে ২০৫টি দেশের তথ্য উপস্থাপন করা হয়েছে যেখানে ১৫২টি দেশ তামাকপণ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবার্তা প্রদান করছে। এরমধ্যে বাংলাদেশসহ ১০৫টি দেশ তামাকপণ্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী মুদ্রণ বাধ্যতামূলক করেছে।
বাংলাদেশে বর্তমানে মোড়কের উভয় পার্শ্বের ৫০ শতাংশ জায়গাজুড়ে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী মুদ্রণ চালু রয়েছে। প্রতিবেদনে ১ম স্থানে যৌথভাবে জায়গা করে নিয়েছে নেপাল এবং ভানুয়াতু। এই দুইটি দেশ তামাকপণ্যের মোড়কের উভয় পার্শ্বের ৯০ শতাংশ জায়গাজুড়ে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী চালু করেছে।
এছাড়াও ৮৫ শতাংশ জায়গাজুড়ে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী মুদ্রণ বাধ্যতামূলক করে ৩য় অবস্থানে রয়েছে ভারত এবং থাইল্যান্ড। সামগ্রিকভাবে বাংলাদেশের অবস্থান এগিয়ে আসলেও দক্ষিণ পূর্ব এশিয় দেশ বিশেষ করে নেপাল, ভারত, থাইল্যান্ড এবং শ্রীলংকা’র তুলনায় বাংলাদেশের অবস্থান এখনও অনেক নিচে।এ ব্যাপারে স্বাস্থ ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (জনস্বাস্থ্য ও বিশ্বস্বাস্থ্য) রোকসানা কাদের বাসসকে বলেন, তামাক নিয়ন্ত্রনে তার মন্ত্রনালয় এবং তামাক নিয়ন্ত্রন সেল সুদুর প্রসারি কাজ করে যাচ্ছে। শুধু ঢাকা কেন্দ্রিক নয় বিভিন্ন জেলা উপজেলাতেও ডিসিদের নেতৃত্বে কাজ হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, তামাক বিরোধী দেশী বিদেশী এনজিও মিডিয়া ক্যাম্পেইনও তামাক বিরোধী প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আর সবার সমন্নিত উদ্যোগেই তামাকপণ্যে স্বাস্থ্য সতর্কবাণী প্রদানের বৈশ্বিক সূচকে বাংলাদেশের সাফল্য এসেছে বলে তিনি মন্তব্য করেন।ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিডস (সিটিএফকে) এর মূখ্য পরামর্শক মো. শরিফুল আলম বাসসকে বলেন, এ বছরের ১৯ মার্চ থেকে বাংলাদেশে সকল তামাকজাত দ্রব্যের প্যাকেট, মোড়ক, কার্টন বা কৌটার উপরিভাগের ৫০ শতাংশ জায়গাজুড়ে তামাকজাত দ্রব্য ব্যবহারের কারণে সৃষ্ট ক্ষতি সম্পর্কিত রঙ্গিন ছবি ও লেখা সম্বলিত স্বাস্থ্য সতর্কবাণী মুদ্রণ বাধ্যতামূলক করা হয়েছে।
তিনি বলেন, সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী এমন এক কার্যকর পন্থা যা তামাক ব্যবহারের সময় প্রতিবারই ব্যবহারকারীকে তামাকের ক্ষতি সম্পর্কিত বার্তা প্রদান করতে থাকে। বাংলাদেশে এই উদ্যোগটির গুরুত্ব অনেক বেশি কারণ, এদেশের মোট জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশ লেখা-পড়া জানেন না।