News71.com
 Bangladesh
 10 Nov 16, 04:58 PM
 288           
 0
 10 Nov 16, 04:58 PM

ঢাবি উপাচার্যের সঙ্গে ভারতীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ

ঢাবি উপাচার্যের সঙ্গে ভারতীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিউজ ডেস্ক : ভারতের শিক্ষাবিদদের একটি প্রতিনিধিদল বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তার বাসভবনস্থ কার্যালয়ে সাক্ষাৎ করেছে। প্রতিনিধিদলের সদস্যরা হলেন- কলকাতার লরেটো কলেজের অধ্যাপক তপতী সেনগুপ্ত, কলকাতার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ তানভীর নাসরীন, ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সেক্রেটারি ও কিউরেটর ড. জয়ন্ত সেনগুপ্ত এবং লেডি ব্রেবোর্ন কলেজের সহযোগী অধ্যাপক ড. অপরাজিতা সেনগুপ্ত। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের চেয়ারপার্সন ও ইতিহাস গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. সোনিয়া নিশাত আমিন উপস্থিত ছিলেন।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় নারীদের অংশগ্রহণ এবং নারীর ক্ষমতায়ন নিয়ে মতবিনিময় করেন। উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের উল্লেখযোগ্য অবদানের বিষয়ে আলোকপাত করেন।
এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ভারতের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে শিক্ষাবিদদের অবহিত করেন। ভারতীয় শিক্ষাবিদরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। উপাচার্য বিশ্ববিদ্যালয়ে আসার জন্য প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, প্রতিনিধিদল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস গবেষণা কেন্দ্রের উদ্যোগে ‘গঠন ও পুনর্গঠন : ১৯ ও ২০ শতকে বাংলার নারী’ শীর্ষক দিনব্যাপী এক সেমিনারে অংশগ্রহণ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন