
খুলনা সংবাদদাতা : খুলনায় নির্বাচনী প্রচারণার সময় প্রতিপক্ষের হামলায় চেয়ারম্যান প্রার্থীসহ পাঁচজন আহত হয়েছে। খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের স্টার জুটমিল গেটে বুধবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। এ সময় তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রকিব মল্লিক তার কর্মী-সমর্থকদের নিয়ে সকালে নির্বাচনী প্রচারণায় বের হন। সকাল সাড়ে ১০টার দিকে তারা স্থানীয় স্টার জুটমিল ১ নং গেটে পৌঁছালে একই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান গাজীর ভাইয়ের নেতৃত্বে সন্ত্রাসী আনুসহ ২০-২৫ জনের একটি দল তাদের ওপর লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে হামলা চালায়। এতে বিএনপি মনোনীত প্রার্থী ও দিঘলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক, তার কর্মী সেলিম মল্লিক, মুরাদ মল্লিক, বাদশা মল্লিক ও সিদ্দিক হাওলাদার আহত হন। সেলিম মল্লিক ও সিদ্দিক হাওলাদারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় সেনহাটি পুলিশ ক্যাম্পের ইনচার্জ বধন চন্দ্র বিশ্বাস বলেন, ঘটনা শুনেছি। ঘটনাস্থলে যাচ্ছি। দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম www.news71.com কে জানান এ ব্যাপারে থানায় মামলা হয়েছে । বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে ।