
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে সেমিনার লাইব্রেরির উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ফিতা কেটে লাইব্রেরির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা, কলা ও মানবিকী অনুষদের ডীন অধ্যাপক ড. মোজাম্মেল হক, ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ টি এম আতিকুর রহমান,জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সভাপতি উজ্জ্বল কুমার মন্ডল,সহকারী অধ্যাপক আমিনা ইসলাম, শেখ আদনান ফাহাদ, প্রভাষক সালমা আহমেদ , সুমাইয়া সিফাত, হাসান মাহমুদ ফয়সালসহ বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অধ্যাপক ড. আবুল হোসেন এ সময় বলেন, “সেমিনার লাইব্রেরীর মাধ্যমেই একটি বিভাগের উৎকর্ষতা প্রকাশ পায়।
জার্নালিজম বিভাগ চালু হওয়ার কয়েক বছরের মধ্যে আধুনিক মানের একটা সেমিনার লাইব্রেরি করতে পারলো যা সত্যিই প্রশংসার যোগ্য। লাইব্রেরীটি শিক্ষার্থীদের পড়াশুনার সহায়ক হিসেবে কাজ করবে।তিনি বিভাগের শিক্ষকদের একযোগে কাজ করার পরামর্শ দেন"। এসময় বিভাগের সভাপতি উজ্জ্বল কুমার মন্ডল বলেন, “আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। এই দিনটির জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। এখন থেকে শিক্ষার্থীরা এখানে নিয়মিত পড়াশুনা করতে পারবে। এ সময় বিভাগের সহকারী অধ্যাপক আমিনা ইসলাম লাইব্রেরীতে নতুন বই কেনার জন্য বিভাগের সভাপতি উজ্জ্বল কুমার মন্ডলের হাতে নগদ ২০ হাজার টাকার একটি চেক হস্তান্তর করেন। অনুষ্ঠান শেষে বিভাগের সকল শিক্ষার্থীদের মিষ্টিমুখ করানো হয়।