
নিউজ ডেস্ক : ফরিদপুরের মধুখালী ও ভাংগায় পৃথক দু'টি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার শবরিকান্দিতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের পাইককান্দি গ্রামের মো. মইজুদ্দিনের পুত্র কৃষিজীবী হায়দার হোসেন (৪০) এবং দুলাল মেম্বারের পুত্র প্রবাসী মাসুদ মোল্লা (৩৫)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।
কানাইপুর হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস ওই স্থানে দুই মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনার পর উত্তেজিত জনতা বাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। এদিকে, ভাংগা উপজেলার চৌরাস্তা মোড়ে যাত্রীবাহী বাসের চাপায় একজন নিহত হয়েছে।