
নিউজ ডেস্ক : জামালপুরের ইসলামপুরে রেল লাইনের পাশ থেকে আব্দুল মালেক (৪৫) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ট্রেনে করে ওই ব্যক্তির বাড়ি ফেরার কথা ছিল। মৃত আব্দুল মালেক পলবান্ধা গ্রামের হর বকশ আলীর ছেলে। তিনি বিমানবাহিনীতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন বলে পরিবার জানালেও পুলিশ বিষয়টি নিশ্চিত করতে পারেনি।
ইসলামপুর থানার (ওসি) দ্বীন-ই-আলম জানান, শুক্রবার সকালে ইসলামপুরের বরুঙ্গা বিলের কাছে রেললাইনের পাশে মালেকের লাশ পাওয়া যায়। বৃহস্পতিবার রাতে আন্তঃনগর ব্রহ্মপুত্র ট্রেনে করে বাড়ি ফিরছিলেন তিনি। তার পকেটে আন্তঃনগর ব্রহ্মপুত্র ট্রেনের টিকিট ছিল। পথে কীভাবে তার মৃত্য হল তা স্পষ্ট নয়।'
ওসি বলেন, খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে মালেকের লাশ নিয়ে গেলেও ময়নাতদন্তের জন্য তা ফিরিয়ে আনা হচ্ছে। জামালপুর রেলওয়ে থানাকেও বিষয়টি জানানো হয়েছে।