
নিউজ ডেস্ক : ভারতের নৌ-বাহিনীর দু’টি ও কোস্ট গার্ডের একটি জাহাজসহ সেদেশের মোট তিনটি জাহাজ বাংলাদেশে পাঁচদিনের শুভেচ্ছা সফরে আজ শুক্রবার চট্টগ্রামের ড্রাইডক জেটিতে পৌঁছেছে।সফরকারী ভারতীয় জাহাজ তিনটি ‘আইএনএস তীর’, ‘আইএনএস সুজাতা’ এবং ‘আইসিজিএস ভারুণা’ চট্টগ্রামে এসে পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডা’র চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন কামাল নাসের তাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এসময় প্রথা অনুযায়ী বাদ্য পরিবেশন করে জাহাজ তিনটিকে স্বাগত জানানো হয়।আজ আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।এতে জানানো হয়,বাংলাদেশে অবস্থানকালীন সময়ে জাহাজ তিনটির অধিনায়কগণ চট্টগ্রাম নৌ অঞ্চল কমান্ডার রিয়ার এডমিরাল এম শাহীন ইকবালসহ চট্টগ্রাম নৌ অঞ্চলের সকল নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান এবং কোস্ট গার্ড (পূর্ব) জোনের জোনাল কমান্ডারের সাথে সৌজন্য সাক্ষাত করবেন।
সফররত জাহাজ তিনটির কর্মকর্তা এবং নাবিকগণ বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সমুদ্র জয়, সমুদ্র অভিযানসহ স্কুল অফ মেরিটাইম ওয়ারফেয়ার এন্ড ট্যাকটিক্স (এসএমডবি¬উটি) এবং বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটি পরিদর্শন করবেন। এছাড়া ভারতীয় নৌবাহিনীর তত্ত্বাবধানে বানৌজা পতেঙ্গায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, নেভাল একাডেমিতে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এবং বানৌজা ঈসা খানে দু’দেশের নৌসদস্যদের অংশগ্রহণে ইয়োগা ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
পাশাপাশি তারা পতেঙ্গায় ‘ওরকা’ অনাথ আশ্রম, বাংলাদেশ নৌবাহিনী’র পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রতিষ্ঠিত ‘আশার আলো’ স্কুল এবং চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করবেন।ভারতীয় জাহাজসমূহের এই বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দু’দেশের নৌবাহিনীর মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায়।
উল্লেখ্য, শুভেচ্ছা সফর শেষে জাহাজ তিনটি আগামী ১৫ নভেম্বর বাংলাদেশ ত্যাগ করবে।