
নিউজ ডেস্ক : সরকারের খাদ্য বান্ধব কর্মসূচি ১০ টাকা কেজির চাল ওজনে কম দেওয়ায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার এক ইউপি চেয়ারম্যানের ছেলেকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া চালের ডিলার এক যুবলীগ নেতাকে শোকজ করা হয়েছে। শুক্রবার বিকেল ৫ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শিল্পী রানী রায় এ দণ্ড দেন।এরা হলেন, ৯ নম্বর দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন বেপারীর ছেলে মোঃ ফয়সাল এবং চালের ডিলার ইউনিয়ন যুবলীগের আহবায়ক মনির হোসেন।
এর আগে উপজেলার উদমারা গ্রাম থেকে চাল ওজনে কম দেওয়ার সময় ফয়সালকে হাতেনাতে আটক করেন শিল্পী রানী রায়। ফয়সাল দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন যুবলীগের সদস্য।
উপজেলা পরিষদ সূত্র জানায়, দক্ষিন চরআবাবিল ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির কার্ডধারীদের কাছে অতিরিক্ত মূল্যে চাল বিক্রি ও ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠে। এতে ঘটনার সময় ওই ইউনিয়ন পরিষদের সামনে (উদমারা) গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরেজমিনে গিয়ে ওজনে এক কেজি করে চাল কম দেওয়ার সত্যতা পায়। এসময় ফয়সালকে আটক করে উপজেলা পরিষদে নিয়ে আসা হয়।
এ ব্যাপারে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী রায় বলেন, চাল ওজনে কম দেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আটক ব্যাক্তির বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঘটনাস্থলে ডিলারকে পাওয়া যায়নি। এজন্য তাকে শোকজ করা হয়েছে। এ বিষয়ে কোন অনিয়ম সহ্য করা হবে না।