
নিউজ ডেস্ক: জাতীয় পার্টির দুই গ্রুপ একই স্থানে সভা ও মানববন্ধন আহ্বান করায় ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ পৈরতলায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
প্রশাসন জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ পৈরতলায় একটি কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টির একটি গ্রুপ সভার আয়োজন করে। একই সময় সেন্টারের সামনে অপর গ্রুপ মানববন্ধন কর্মসূচির আহ্বান করলে আজ সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পৈরতলার আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।
শনিবার সকাল ১০টায় জাতীয় পার্টির জিয়াউল হক মৃধা এমপি ও মামুন গ্রুপ কমিউনিটি সেন্টারের আহ্বায়ক কমিটির বর্ধিত সভা করার ঘোষণা দেয়। অপরদিকে ওহাব-শফিক গ্রুপ একই সময়ে কমিউনিটি সেন্টারের সামনে মানববন্ধন কর্মসূচির আহ্বান করে। এতে গোলযোগের আশংকায় রাতেই পৈরতলার আশেপাশের এলাকায় মাইকিং করে ১৪৪ ধারা জারি করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সামসুল হক।