
নিউজ ডেস্ক : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওহাটা পুলিশ ফাঁড়ির সামনে ঘাতক ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।আজ শনিবার সকাল সোয়া আটটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে একজন বিক্রয় ডটকমের কর্মকর্তা মো. আব্দুস সালাম মিয়া (৩৫) এবং অপর জন হলেন তার বন্ধু মো. আরিফ হোসেন (৩০)। তাদের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার খুদিরামপুর গ্রামে বলে জানা গেছে।
মির্জাপুর থানার পুলিশ অফিসার (এসআই) মিজানুর রহমান মিজান জানান, আজ সকালে দুই বন্ধু মিলে একটি মোটরসাইকেল নিয়ে করটিয়া থেকে ঢাকায় যাচ্ছিলেন।মোটরসাইকেলটি সকাল সোয়া আটটার দিয়ে মির্জাপুর উপজেলার দেওহাটা বাস স্টেশনের পুলিশ ফাঁড়ির সামনে দিয়ে অতিক্রম করার সময় পেছন দিক থেকে আসা পাথর ভর্তি একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দিলে মোটরসাইকেলটি দুমরে মুচরে গিয়ে ঘটনাস্থলেই দুই বন্ধু নিহত হন।
পুলিশ ঘাতক ট্রাকটি আটক করে চালক ও হেলপারকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানায় একটি মামলা হয়েছে। গোড়াই হাইওয়ে থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারী সাংবাদিকদের জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।