
নিউজ ডেস্কঃ খুলনার পাইকগাছার আবুল হোসেনের পর এবার রংপুরে বিরল রোগে আক্রান্ত বৃক্ষমানব তাজুল ইসলাম ও তার শিশুপুত্র রুহুল আমিনকে উন্নত চিকিৎসার জন্য বুধবার ঢাকায় নেওয়া হয়েছে।
রংপুরের পীরগঞ্জ সদর উপজেলার রামনাথপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর কালসারডাড়া গ্রামের তাজুল ইসলাম (৪৮) ও তার ছেলে রুহুল আমিনের (১০) পরিবারকে সহযোগিতা করার লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয় ।
রংপুরে বৃক্ষমানব পরিবারের সন্ধান’র খবরটি সর্বত্র আলোড়ন সৃষ্টি করে। জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিস এমনকি চায়ের দোকানেও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় বৃক্ষমানব বাবা-ছেলের খবরটি।
প্রধানমন্ত্রীর এপিএস-১ মো.জাহাঙ্গীর আলম বুলবুলের নির্দেশে তাজুল ইসলামের পরিবারকে ঢাকায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএম মাজহারুল ইসলাম। তিনি জানান, বিরল রোগে আক্রান্ত বৃক্ষমানব পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
গত মঙ্গলবার বিরল রোগে আক্রান্ত তাজুল-রুহুলের পরিবারের ৩ সদস্যকে জেলা প্রশাসনের নির্দেশে পীরগঞ্জ উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও, অর্থোপেডিকস বিশেষজ্ঞসহ চিকিৎসকরা বৃক্ষমানব পরিবারের বাবা-ছেলেসহ তিনজনকে পরীক্ষা-নিরীক্ষা করেন। এসময় তাদের মধ্যে ‘বৃক্ষমানব’ প্রকৃতির হিউম্যান পেপিলোমা ভাইরাস সনাক্ত করা হয় ।
এ ব্যাধিতে আক্রান্ত হয়ে ৯ বছর বয়সে তাজুল ইসলামের একমাত্র বোন সাফিয়া প্রায় ১০ বছর আগে মারা যায়। এরপর তাদের বাবা আফান মুন্সিও মারা যান ৭৫ বছর বয়সে। এদিকে এই রোগে আক্রান্ত তাজুল ইসলামের ২ সন্তানের মধ্যে বড় ছেলে রুবেল মিয়া জন্মের পর সুস্থ স্বাভাবিক হলেও ছোট ছেলে রুহুল আমিন জন্মের পর থেকেই হাত ও পায়ে এই রোগে আক্রান্ত হয়। দরিদ্র এ পরিবারের পক্ষে শুরু থেকেই শুধু ব্যথানাশক ওষুধ সেবন করেই চিকিৎসা কাজ শেষ করেছেন। ততদিনে বাড়তে থাকে তাদের হাত-পায়ের নখ ও তালুর চামড়া-মাংস। এক পর্যায়ে শক্ত হয়ে যায়। পরে হাত-পায়ের বর্ধিত শক্ত অংশ কাটতে গেলেই বেরিয়ে আসে রক্ত।
সংসারের বোঝা টানতে তাজুল ইসলাম রুহুল আমিনকে সঙ্গে নিয়ে ভিক্ষাবৃত্তি বেছে নেন। এরই মধ্যে রুহুল আমিন রাধাকৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করা হলে প্রধান শিক্ষক সেকেন্দার আলী তাকে স্কুল থেকে বের করে দেয়। পরে রুহুলকে চকফুলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে ভর্তি করা হয়। এখনো তার পড়লেখা চলছে।
এ ব্যাপারে অর্থোপেডিকস বিশেষজ্ঞ এনামুল বাশার বলেন আপাতত বিরল রোগটিকে ‘বৃক্ষমানব’ প্রকৃতির ‘হিউম্যান পেপিলোমা ভাইরাস’ ভাবছি। পরীক্ষা-নিরীক্ষা ছাড়া কিছুই বলা সম্ভব না। এটি পৃথিবীতে পঞ্চম রোগী পাওয়ার ঘটনা। তাও আবার একই পরিবারের ৩ জন। আমরা তাদেরকে ভর্তি করে নিয়ে শুধু ব্যথানাশক ওষুধ প্যারসিটামল দিয়েছি।
অপরদিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউপির চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, আমি তাজুলকে একটি হুইল চেয়ার দিয়েছি।
বুধবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের জরুরি বিভাগে পৌছানোর পর বার্ন ইউনিটের প্রধান সমন্বয়কারী ডা. সামন্তলাল সেন বলেন, ‘এটা কি চর্ম রোগ থেকে হয়েছে না আসলেই অন্যকিছু তা বৃহস্পতিবার পরীক্ষা-নিরীক্ষা করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। আপাতত তাদেরকে ভর্তি করা হয়েছে।’