News71.com
 Bangladesh
 12 Nov 16, 06:08 PM
 284           
 0
 12 Nov 16, 06:08 PM

বর্তমান আইনে ভ্যাট ও কর দেয়ায় ভোগান্তি কমবে।। এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান

বর্তমান আইনে ভ্যাট ও কর দেয়ায় ভোগান্তি কমবে।। এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান

 

নিউজ ডেস্ক :  এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেছেন, ১৯৯১ সালের আইনের চেয়ে ২০১২ সালের ভ্যাট আইন সবদিক দিয়ে উন্নত করা হয়েছে। ভ্যাট ও ট্যাক্স প্রদান প্রক্রিয়া সহজতর করতে সরকার এই আইন করেছে। এতে ভ্যাট ও ট্যাক্স প্রদানে ভোগান্তি কমবে। জাতীয় রাজস্ব আদায়ে ভ্যাট ও ট্যাক্স অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। ভ্যাট ও ট্যাক্স আদায়ে মানুষকে উদ্ধুদ্ধ করতে ব্যবসায়ী নেতৃবৃন্দকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। রাজস্ব বৃদ্ধিতে শুধু সরকারি কর্মকর্তা নয়, ব্যবসায়ী নেতাদেরও ভূমিকা রাখতে হবে।

শনিবার দুপুরে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে ভ্যাট আইন-২০১২ বিষয়ে ব্যবসায়ীদের অংশগ্রহণ বিষয়ক একটি কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। দু’দিনব্যাপী এ কর্মশালা রবিবার শেষ হবে। এনবিআর চেয়ারম্যান ভ্যাট ও ট্যাক্স আদায়ের দায়িত্বে থাকা কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ভ্যাট ও ট্যাক্স অফিস কর ও ব্যবসাবান্ধব করতে হবে। কেউ যাতে রাজস্ব দিতে এসে হয়রানির শিকার না হন সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। এর ব্যতিক্রম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে এনবিআর কঠোর ব্যবস্থা নেবে।

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন এনবিআর সদস্য কালিপদ হালদার, ব্যারিস্টার জাহাঙ্গীর হোসাইন, মো. আবদুর রাজ্জাক, পারভেজ ইকবাল, রেজাউল হাসান, উপ মহাব্যবস্থাপক বেলাল উদ্দিন, সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন, সিলেট কর অঞ্চলের কর কর্মকর্তা সৈয়দ মো. আবু দাউদ প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন