
নিউজ ডেস্ক : আর্থিকখাত বিশেষ করে ব্যাংকিং খাতের সাইবার নিরাপত্তা জোরদারে বেসরকারি উন্নয়ন সংস্থা ঠ্যাংগামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) ব্যাংকারদের তথ্য প্রযুক্তি (আইটি) বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে।আইসিটিভিত্তিক প্রয়োজনীয় ব্যাংকিং সেবা নিশ্চিত করতে এই কর্মসূচির আওতায় সরকারি ও বেসরকারি উভয় মালিকানাধীন ব্যাংক কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা হবে, যাতে দেশের সার্বিক উন্নয়ন কর্মকান্ড আরো গতিশীল হবে।আইটি বিষয়ক এই প্রশিক্ষণ কর্মসূচি চালু উপলক্ষে আজ বগুড়ায় এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে-আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান, টিএমএএস উপ-নির্বাহী পরিচালক ড. মতিউর রহমান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক (আইসিটি) পরিচালক নিগার সুলতানা, টিএমএসএস আইসিটি লিমিটেডের পরিচালনা পর্যদের সদস্য মো. খায়রুল ইসলামসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।
এম এ মান্নান তার বক্তব্যে বলেন, ‘অনলাইন ব্যাংকিং খাতের প্রসার এবং গ্রাহকদের জন্য আইটিভিত্তিক সেবা প্রদানে ব্যাংক কর্মকর্তাদের আইটি প্রশিক্ষণ অতীব জরুরি’। ব্যাংকিং খাতে আইসিটিভিত্তিক সেবা সংযোজনের জন্য সরকার ও বেসরকারি উভয় পর্যায় থেকে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করার প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।টিএমএএস নির্বাহী পরিচালক অধ্যাপক হোসনে-আরা বলেন, ‘আর্থিকখাতে আইটি নিরাপত্তা নিশ্চিত করতে আমরা ব্যাংক কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছি। যাতে জালিয়াতি রোধে তারা আরো বেশি অবদান রাখতে পারেন।’তিনি বলেন, এই প্রশিক্ষণ কর্মসূচি ব্যাংকিং খাতের আইটি নিরাপত্তা জোরদারের পাশাপাশি দেশের অনলাইন ব্যাংকিং সেবা প্রসারে সহায়তা করবে।অনুষ্ঠানে নিগার সুলতানা জানান, সাইবার নিরাপত্তা জোরদারে সরকারের পাশাপাশি টিএমএসএস পাইলট প্রকল্পের আওতায় গত এক বছরে সরকারি ও বেসরকারি মালিকানাধীন বিভিন্ন ব্যাংকের ১৫০ কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
তিনি বলেন,সাইবার হুমকি ব্যাংক ও আর্থিকখাতের জন্য এখন বড় চ্যালেঞ্চ। এই চ্যালেঞ্চ মোকাবেলাএবং ব্যাংকিং খাতের জালিয়াতি রোধে ব্যাংক কর্মীদের জন্য আইটি প্রশিক্ষণ অতীব জরুরি।অনুষ্ঠানে অন্য আলোচকরা বলেন, ব্যাংকিং খাতে প্রতিনিয়ত নতুন নতুন সেবার উদ্ভাবন ঘটছে। একইসাথে ব্যাংকিং জালিয়াতি এখন বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ফলে এই খাতের সাইবার নিরাপত্তা রোজদার করা অতি জরুরীটিএমএসএস আইসিটি লিমিটেডের পরামর্শক (ব্যাংক প্রশিক্ষণ) মো. আবুল কাশেম এ বিষয়ে বাসসকে বলেন, ‘আমরা ব্যাংকিং খাতে আইটি নিরাপত্তা, জালিয়াতি প্রতিরোধ, পরিশোধ ব্যবস্থা, ব্যবস্থাপকদের জন্য আইটি এ্যাপ্লিকেশনস ও কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থাপনার ওপর প্রশিক্ষণ প্রদান শুরু করেছি।’কর্মশালায় উন্নয়ন কর্মীসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা কর্মশালায় অংশ নেন।