
নিউজ ডেস্ক : বগুড়ার ধুনট-গোসাইবাড়ি সড়কে বাস উল্টে আমেনা খাতুন (৭) নামে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত আটজন। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে বাকসাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহত আমেনা খাতুন ধুনট উপজেলার যমুনা নদীর মল্লিক পাড়া চরের আমিনুল ইসলামের মেয়ে।
আহতরা হলেন- ধুনট উপজেলার জোড়খালি গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী ইসমত আরা খাতুন (৪৫), নুরুল ইসলামের স্ত্রী হালিমা খাতুন (৫০), চুনিয়াপাড়া গ্রামের মজিবর রহমানের স্ত্রী গোলেনুর খাতুন (৫০), ভুলু খানের ছেলে আল আমিন (৩৫), গুয়াডহরী গ্রামের তৈইমুদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (৭০), ধুনট সদরপাড়ার উপেন সাহার ছেলে গৌতম সাহা (৪০), অসিম কুমার (৩৫), পাইকড়তলি গ্রামের নরেনন্দ্র নাথের ছেলে রাখাল (৪০)।
ধুনট অফিসার ইনচার্জ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, সকালের দিকে গোসাইবাড়ি বাসস্ট্যান্ড থেকে বগুড়াগামী তামান্না এন্টারপ্রাইজ (বগুড়া-ব-৪২০৭) নামে যাত্রীবাহী বাস বাকসাপাড়া নামক স্থনে পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার ওপর উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যায় আমেনা খাতুন। আহত অন্যন্যদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।