
নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় অপহরণের ৬ দিন পর নিরব (৬) নামে এক শিশুর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ উপজেলার জামতৈল-ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পেছনের পুকুর ধারের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করে। নিহত শিশু নিরব কামারখন্দ উপজেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি ও রায়দৌলতপুর ইউনিয়নের ধলেশ্বরী গ্রামের বাসিন্দা আব্দুল বারেক তালুকদারের ছেলে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল উদ্দিন সরদার জানান, সকালে জামতৈল-ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা বিদ্যালয়ের পিছন শিশুটির গলিত লাশ দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিশুটির লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এর আগে গত ৮ নভেম্বর মঙ্গলবার দুপুরে নিখোঁজ হয় শিশু নিরব। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়েও তার কোন সন্ধান পায়নি। ওইদিন রাতেই অজ্ঞাতনা কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন শিশুটির বাবা।