
নিউজ ডেস্ক : মুক্তিযোদ্ধার সন্তানদের নীতি-আদর্শ ও সততার ধারায় থেকে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণে আত্মনিয়োগ করার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। চট্টগ্রাম সার্কিট হাউসে শনিবার মুক্তিযোদ্ধার সন্তানদের সাথে মতবিনিময়কালে তিনি এ আহবান জানান।ওবায়দুল কাদের বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার দায়িত্ব মুক্তিযোদ্ধার সন্তানদেরকেই নিতে হবে।তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে মুক্তিযোদ্ধার সন্তানদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
মতবিনিময়কালে সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুরজিত দত্ত সৈকত, কক্সবাজার জেলা শাখার আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী, চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি মো. ইউসুফ, মীরসরাই থানার সভাপতি নয়ন কান্তি ধুম, মহানগর দপ্তর সম্পাদক খোরশেদ আলম বাবলু, সাতকানিয়া থানার সাধারণ সম্পাদক মো. মনসুর, মহানগর নেতা মো. শাহীন, মো. পারভেজ, মো. আজিম, মো. সোলায়মান, নুরুল আজিম ও মো. আসিফ উপস্থিত ছিলেন।