
নিউজ ডেস্ক : এলজিআরডি ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খোন্দকার মোশাররফ হোসেন বলেছেন এই জেলার মানুষ স্বাধীনতার পরে এমনকি আগেও এলাকায় এমন ব্যাপক ও অভূতপূর্ব উন্নয়ন কর্মকান্ড দেখেনি।তিনি বলেন, এই এলাকার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপরিসীম ভালবাসার কারণেই এটা সম্ভব হয়েছে। তার গতিশীল নেতৃত্বে গত আট বছর যাবৎ দেশ সাফল্যের সঙ্গে এগিয়ে যাচ্ছে।শহরের পূর্ব খাবাসপুর এলাকায় শনিবার মাদক ও সন্ত্রাস বিরোধী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোশারফ হোসেন এসব কথা বলেন।পূর্ব খাবাসপুর ক্রীড়া ও সমাজকল্যান ক্লাব আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শামসুদ্দোহা চাঁদ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খোন্দকার মোহতেশাম হোসেন বাবর, ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মিঠু, চক্ষু বিশেষজ্ঞ ডা. ফখরুজ্জামান, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. কামরুজ্জামান সেলিম।
মন্ত্রী বলেন, শিগগির ফরিপুর বিভাগ বাস্তবায়ন হতে যাচ্ছে। যার প্রধান কার্যালয় থাকবে ফরিদপুরে এবং এখানে সিটি করপোরেশন প্রতিষ্ঠা করা হবে।তিনি বলেন, ইতোমধ্যে ফরিদপুর সিটি করপোরেশনের গেজেটও প্রকাশিত হয়েছে।মন্ত্রী আরো বলেন, ২৫০ কোটি টাকা ব্যয়ে কুমার নদী পুণঃখনন কাজ শেষ হলে নদী তীরবর্তী মানুষের ব্যবহারের জন্য ৬০টি পাকা ঘাট নির্মাণ করা হবে।
এলজিআরডি মন্ত্রী মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানোর জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশ দেন। তিনি নতুন প্রজন্ম যাতে বিপথে পরিচালিত হয়ে তাদের জীবন ধ্বংস না করতে পারে, সেজন্য অভিভাবকদের সচেতন ও যত্নবান হওয়ার পরামর্শ দেন।