News71.com
 Bangladesh
 13 Nov 16, 05:54 PM
 289           
 0
 13 Nov 16, 05:54 PM

কুষ্টিয়ায় তিন পুলিশের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

কুষ্টিয়ায় তিন পুলিশের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

 

নিউজ ডেস্ক : কুষ্টিয়ায় ক্রসফায়ারে এক যুবককে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় ওসিসহ তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রবিবার কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মিজানুর রহমান এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।পরোয়ানা জারিকৃত তিন পুলিশ সদস্য হচ্ছেন- কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, এসআই রবিউল ইসলাম ও কনস্টেবল ফারুক হোসেন।

আদালত সূত্র জানায়, ২০০৭ সালের ১৯ জানুয়ারি কৃষক দাউদ হোসেনকে নিজ বাড়ি থেকে এই তিন পুলিশ সদস্য ধরে নিয়ে আসে। ক্রসফায়ারে হত্যা করার ভয় দেখিয়ে তার কাছে মোটা অংকের টাকা দাবি করা হয়। দাউদের পরিবার টাকা দিতে অস্বীকৃতি জানালে পরদিন ২০ জানুয়ারি কৃষক দাউদ হোসেনকে সন্ত্রাসী বানিয়ে ক্রসফায়ারে হত্যা করে ইবি থানা পুলিশ।এ হত্যাকাণ্ডের ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশ আদালতে এফআইআর দাখিল করে। নিহত দাউদ হোসেনের স্ত্রী রোমেছা খাতুন বাদী হয়ে পুলিশের দেওয়া এফআইআর- এর বিরুদ্ধে নারাজি পিটিশন দাখিল করেন। পরবর্তীতে নিহত দাউদ হোসেনের স্ত্রী রোমেছা খাতুন ওসিসহ তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের করেন।

তিন দফা তদন্ত শেষে সিআর ৯৬/১৬ নং মামলা হিসেবে আদালতে ওই ঘটনার বিচার কার্যক্রম শুরু হলে রবিবার ওসিসহ তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন