
নিউজ ডেস্ক :প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা সৃষ্টির জন্য সরকারের পাশাপাশি বাংলাদেশ ডায়াবেটিক সমিতিসহ সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে রবিবার তিনি এ আহ্বান জানান। 'বিশ্ব ডায়াবেটিস দিবস'-এর এবারের প্রতিপাদ্য 'ডায়াবেটিসের ওপর দৃষ্টি দিন: অন্ধত্ব এড়াতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন'।
শেখ হাসিনা বলেন, 'ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের প্রতি আমাদের বিশেষ নজর এবং ডায়াবেটিসের ওপর দৃষ্টি দেয়ার পাশাপাশি নিজের চোখেরও যত্ন নিতে হবে।'ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি চোখের যত্ন নেওয়া ও নিয়মিত চোখ পরীক্ষা করার জন্য সকলকে সচেতন করতে বিশেষ পদক্ষেপ নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, 'আমি বিশ্বাস করি, দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি যে সব কর্মসূচি গ্রহণ করেছে তা ডায়াবেটিস এবং এর জটিলতা সম্পর্কে মানুষকে সচেতন করতে বিশেষ ভূমিকা রাখবে।'
তিনি প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে 'বিশ্ব ডায়াবেটিস দিবস' পালিত হচ্ছে জেনে আনন্দ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান।একই সাথে প্রধানমন্ত্রী 'বিশ্ব ডায়াবেটিস দিবস' উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।