News71.com
 Bangladesh
 13 Nov 16, 10:59 PM
 222           
 0
 13 Nov 16, 10:59 PM

'কপ-২২’ সম্মেলনে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের জোরালো অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী

'কপ-২২’ সম্মেলনে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের জোরালো অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক :পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আজ বলেছেন, মরক্কোর মারাক্কেশ-এ ‘কপ-২২’-এর উচ্চ পর্যায়ের বৈঠকে বাংলাদেশের অংশগ্রহণ জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় এবং এক্ষেত্রে বৈশ্বিক প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘কপ-২২’-এ যোগদান জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বহুমুখী সাফল্য এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায় দেশটির দৃঢ় অবস্থানের বিষয়টি তুলে ধরার ক্ষেত্রে সহায়ক হবে।’জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্পর্কিত ‘ফ্রেমওয়ার্ক কনভেনশন’-এর ‘কনফারেন্স অব পার্টিস’র ২২তম সভায় (কপ-২২)-এর যোগদান উপলক্ষে প্রধানমন্ত্রীর আসন্ন মরক্কো সফর উপলক্ষে এই সংবাদ সম্মেলন আযোজন করা হয়।পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মারাক্কেশ সম্মেলনে তিনি (প্রধানমন্ত্রী) জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় সরকারের গৃহিত উদ্যোগ ও গৃহিত ব্যবস্থা তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।বিশ্বের ৫৬টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণ ‘কপ-২২’ সম্মেলনে যোগদান করবেন। মরক্কোর বাদশাহ ৬ষ্ঠ মোহাম্মদের বিশেষ আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলনে যোগদান করবেন।সফরসূচি অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-১০১৯) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে সোমবার সকাল ১০টায় মরক্কোর সাবেক রাজকীয় শহর মারাক্কেশের উদ্দেশ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ প্রমুখ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ওইদিন স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় মারাক্কেশের মেনারা বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে হোটেল লা মামৌনিয়াতে নেয়া হবে। এ সফরকালে তিনি এ হোটেলেই অবস্থান করবেন।তিনি মঙ্গলবার মারাক্কেশের বাব ইগলী হলে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কপ-২২’র উচ্চ পর্যায়ের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। এর আগে মরক্কোর বাদশাহ ৬ষ্ঠ মোহাম্মেদ, জাতিসংঘ মহাসচিব বান কি-মুন ও ইউনিসেফের এক্সিকিউটিভ সেক্রেটারী পেট্রিসিয়া এসপাইনোসা, বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানদের অভ্যর্থনা জানাবেন।বিকেলে কপ-২২’র যৌথ উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী ৪৯তম বক্তা হিসেবে বক্তৃতা করবেন।শেখ হাসিনা তাঁর বক্তৃতায় জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন এবং এই বিরাট চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় ও সমন্বিত প্রয়াস এগিয়ে নিতে এক প্রচারাভিযান জোরদার করতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহবান জানাবেন।একইদিন অন্যান্য দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরক্কোর বাদশাহ ৬ষ্ঠ মোহাম্মদের দেয়া ভোজসভায় যোগ দেবেন। তিনদিনের সফর শেষে প্রধানমন্ত্রী ১৬ নভেম্বর দেশে ফিরবেন।এ বছর ৭ নভেম্বর থেকে শুরু হয়ে ১৮ নভেম্বর পর্যন্ত এ সম্মেলনের আয়োজন করা হয়। কপ-২১ ’এ গৃহীত ঐতিহাসিক চুক্তির পর এটাই হচ্ছে প্রথম বড় ধরনের কোন সম্মেলন। গত বছর ডিসেম্বরে প্যারিসে কপ-২১ ’র সম্মেলন অনুষ্ঠিত হয়।গ্রীণ হাউজ গ্যাসের নিঃসরণ হ্রাসে ১৯৯৪ সালে জলবায়ু সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন শুরু হয়। এই কনভেনশনের সর্বোচ্চ পরিচালনা কর্তৃপক্ষকে কপ হিসেবে অভিহিত করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন