
নিউজ ডেস্কঃ রাজশাহীর চারঘাট সদর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে গুলাগুলি হয়েছে । ভারত থেকে পাচার করে আনা মাদকদ্রব্য ছিনতাইকে কেন্দ্র এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয় লোকজন জানিয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে ২ জন ।
গুলিবিদ্ধ দুজন হলেন উপজেলার অনুপমপুর গ্রামের শাহেদ আলী ও মহিদুল ইসলাম। তাঁদের প্রথমে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় লোকজনের তথ্য মতে, পাচারের মাধ্যমে ভারত থেকে আনা এক পক্ষের মাদকদ্রব্য অপরপক্ষ ছিনতাইয়ের চেষ্টা চালায়। এ নিয়ে গতকাল বুধবার রাত থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
আজ সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় শুরু হয়। এতে শাহেদ বুকে ও মহিদুল হাতে গুলিবিদ্ধ হন। তাঁদের দুজনকে প্রথমে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন বলেন,সংঘর্ষের ঘটনাটি শুনেছি। সংঘর্ষের কারণ জানতে ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি।