
নিউজ ডেস্ক: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত সংঘর্ষে রাশেদ হোসেনের (২৮) নামের সন্দেহভাজন এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাকে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।রবিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলায় কাঁঠালবাড়ি সেতু এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) রাইসুল ইসলাম।আহত রাশেদ হোসেনের বাড়ি একই উপজেলার আবাদপুর গ্রামে।
এছাড়া ডাকাতদের হামলায় এসআই আনিছুর রহমান ও এএসআই ওবায়দুর রহমান আহত হয়েছেন। তাদের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।পরিদর্শক রাইসুল বলছেন, রাতে আটোরিকশায় করে রাস্তায় টহল দেওয়ার সময় কাঁঠালবাড়ি সেতু এলাকায় গেলে ডাকাতদল ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে অটোরিকশার গতিরোধ করে এলোপাতাড়ি হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে ছয় রাউন্ড গুলি ছুড়লে অন্যরা পালিযে যেতে সক্ষম হলেও ডাকাত রাশেদ গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার কের জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাশেদের নামে থানায় ডাকাতি, চুরি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।