
নিউজ ডেস্ক : জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার মরক্কো রওনা হচ্ছেন। মরক্কোর পর্যটন নগরী মারাকাশে ইউএনএফসিসিসি আয়োজিত কপ-২২ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৫ ও ১৬ নভেম্বর উচ্চ পর্যায়ের সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। মরক্কোর রাজা মোহাম্মদ-এর বিশেষ আমন্ত্রণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল সম্মেলনে যোগ দিচ্ছে। প্রধানমন্ত্রী ছাড়াও ২৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলে রয়েছেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ও পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলীসহ কয়েকজন সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিবেশ বিশেষজ্ঞ ও গণমাধ্যম ব্যক্তিত্ব।
পররাষ্ট্র মন্ত্রী মাহমুদ আলী রবিবার এক সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর মারাকাশ সফর সম্পর্কে অবহিত করেন। এ সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পররাষ্ট্র মন্ত্রী জানান, জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অংশগ্রহণ অত্যন্ত তাত্পর্যপূর্ণ ও গুরুত্ববহ। বাংলাদেশ জলবায়ু ঝুঁকিপ্রবণ দেশগুলোর মধ্যে অন্যতম। জলবায়ু পরিবর্তনের বিস্তৃত প্রভাব মোকাবিলায় এবং চলমান বিশ্বজনীন আলোচনায় দেশের স্বার্থ সংরক্ষণে বাংলাদেশ সব সময় সক্রিয় ভূমিকা পালন করে আসছে। গত বছর প্যারিসে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে প্যারিস চুক্তি চূড়ান্ত হয়। এ পর্যন্ত চুক্তি স্বাক্ষরকারী ১৯৭টি দেশের মধ্যে বাংলাদেশসহ ১০৯টি দেশ প্যারিস চুক্তি অনুসমর্থন করেছে।
এ চুক্তি কার্যকরের ক্ষেত্রে ন্যূনতম আবশ্যকীয় শর্তাবলী পূরণ হওয়ার প্রেক্ষিতে গত ৪ নভেম্বর থেকে চুক্তি কার্যকর হয়েছে। তাই এ বছরের কপ-২২ সম্মেলন গুরুত্বপূর্ণ। বিশেষ করে চুক্তির লক্ষ্যগুলো অর্জনের ক্ষেত্রে বিশ্ব নেতৃবৃন্দকে একীভূত করে একটি সুনির্দিষ্ট কার্যকরী ও অভিন্ন কর্মপন্থা প্রণয়নে প্রয়োজনীয় দিক-নির্দেশনা অর্জিত হবে।
সম্মেলনের উচ্চ পর্যায়ের বৈঠকে বিশ্ব নেতৃবৃন্দ জলবায়ু পরিবর্তন রোধে প্যারিস চুক্তির আওতায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাবেন। ৫৬টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণ এই জলবায়ু সম্মেলনে যোগ দেবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার সকাল ১০টায় বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইটযোগে মারাকাশের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। মারাকাশের মিনারা বিমান বন্দরে স্থানীয় সময় বিকাল সাড়ে চারটায় পৌঁছলে মরক্কোর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হাসান অভ্যর্থনা জানাবেন। মঙ্গলবার জলবায়ু সম্মেলনের উচ্চ পর্যায়ের বৈঠকে বক্তব্য রাখবেন। এ ছাড়া সেদিন মরক্কোর বাদশা, জাতিসংঘ মহাসচিব ও কয়েকজন সরকার প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। বুধবার সকালে মারাকাশ থেকে বিশেষ বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন এবং রাত ১২টায় এসে পৌঁছবেন।