
নিউজ ডেস্ক: সৌদি আরবে বাংলাদেশি কর্মী পাঠানোর ক্ষেত্রে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে জনশক্তি রপ্তানিকারক তিনটি প্রতিষ্ঠানের ব্যবসা করার সনদ বাতিল করেছে সরকার। গতকাল রোববার জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এই সিদ্ধান্ত নেয়।
বিএমইটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত খরচের চেয়ে বেশি টাকা নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় ম্যারিয়ট ইন্টারন্যাশনাল (আরএল-৪৩৩), রাকিব এয়ার ইন্টারন্যাশনাল (আরএল-৮৬৫) ও মেসার্স শাহীন ম্যানপাওয়ার প্রমোশনের (আরএল-৭১৯) লাইসেন্স বাতিল করা হয়েছে। এই তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে কাউকে আর্থিক লেনদেন না করার অনুরোধ করা হয়েছে।
বিএমইটির মহাপরিচালক সেলিম রেজা জানান, সৌদি আরবে বাংলাদেশি পুরুষ কর্মী পাঠানোর জন্য সরকার ১ লাখ ৬৫ হাজার টাকা নির্ধারণ করে দিয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরও যদি কারও বিরুদ্ধে অতিরিক্ত টাকা পাঠানোর অভিযোগ প্রমাণিত হয় তাঁদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। যাঁরা সৌদি আরবে যাচ্ছেন, তাঁদেরও অনুরোধ কেউ যেন এর বেশি টাকা না দেন।