News71.com
 Bangladesh
 10 Mar 16, 06:33 AM
 717           
 0
 10 Mar 16, 06:33 AM

দুদকের নতুন চেয়ারম্যান হলেন সাবেক ইআরডি সচিব ইকবাল মাহমুদ ।।

দুদকের নতুন চেয়ারম্যান হলেন সাবেক ইআরডি সচিব ইকবাল মাহমুদ ।।

নিউজ ডেস্কঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের দায়িত্ব পেলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সাবেক জ্যেষ্ঠ সচিব ইকবাল মাহমুদ । এছাড়াও সাবেক জেলা জজ এ এফ এম আমিনুল ইসলামকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী জানান, দুদকের বর্তমান চেয়ারম্যান বদিউজ্জামান ও কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পুর চাকরির মেয়াদ আগামী ১৩ মার্চ শেষ হচ্ছে। তাদের স্থলাভিষিক্ত হচ্ছেন বিসিএস ১৯৮১ ব্যাচের কর্মকর্তা ইকবাল মাহমুদ ও এ এফ এম আমিনুল ইসলাম।

এশিয়ন ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) বিকল্প নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন শেষে অবসরোত্তর ছুটিতে থাকা অবস্থায় গতবছর অগাস্টে ইকবাল মাহমুদকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান নিয়োগ দেয় সরকার। কিন্তু এক মাসের মাথায় ওই সিদ্ধান্ত বদলে যায়, বিটিআরসির চেয়ারম্যান হন প্রকৌশলী শাহজাহান মাহমুদ।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব থাকা অবস্থায় ২০০৮ সালের জুন মাসে পদোন্নতি পেয়ে সচিব হন ইকবাল মাহমুদ। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে সংস্থাপন মন্ত্রণালয়ের (বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয়) সচিব করা হয়।

এরপর ২০১২ সালে সরকার ‘সিনিয়র সচিব’ নামে নতুন পদ সৃষ্টি করলে আরও সাতজনের সঙ্গে ইকবাল মাহমুদও ওই পদ পান। তখন তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে দায়িত্বরত ছিলেন। ওই বছর নভেম্বরে তাকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) বিকল্প নির্বাহী পরিচালকের দায়িত্ব দেওয়া হয়। সেই দায়িত্ব শেষে ২০১৪ সালের ২৯ নভেম্বর ইকবাল মাহমুদ সরকারি চাকরি থেকে অবসরে যান।

দুদকে দুইজন কমিশনার নিয়োগে নাম বাছাই করে রাষ্ট্রপতির কাছে প্রস্তাব পাঠাতে গত ১ ফেব্রুয়ারি পাঁচ সদস্যের বাছাই কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। এরই ধারাবাহিকতায় ইকবাল মাহমুদ ও আমিনুল ইসলামের নিয়োগ আদেশ এলো। তিন সদস্যের দুদকে কমিশনারের আরেকটি পদে দায়িত্ব পালন করছেন মো. নাসির উদ্দিন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন