
নিউজ ডেস্ক : আজ বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে এবং স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ দিবসটি পালিত হয়।দিবসটি পালনে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বিএডিএএস) অনুমোদিত বিভিন্ন সমিতির উদ্যোগে সারাদেশে ১০৩টি র্যালির আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।দিবসটি পালনে দেশের শীর্ষ স্বাস্থ্য সেবা প্রফেশনাল ইনস্যুলিন প্রস্তুতকারী ওষুধ কোম্পানি নভো নরডিস্কের সহযোগিতায় বিএডিএএস’র উদ্যোগে জাতীয় যাদুঘরের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। এতে বিভিন্ন স্তরের লোক এবং নভো নরডিস্কের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন।বিএডিএএস’র সভাপতি অধ্যাপক একে আজাদ খান বলেন, আমাদের জন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা একটি বড় চ্যালেঞ্জ। এ জন্য জনসচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
নভো নরডিস্কের ব্যবস্থাপনা পরিচালক এ রাজন কুমার বলেন, ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করাই আমাদের মূল উদ্দেশ্য। এ বিষয়ে অধিক জনসচেতনতা সৃষ্টি করতে পারলে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন এবং ডায়াবেটিস মুক্ত জনজীবন নিশ্চিত হবে।নভো নরডিস্কের মার্কেটিংয়ের প্রধান ড. মোহাম্মদ সাইফুল বলেন, বিশ্ব ডায়াবেটিস দিবসে আর্ন্তজাতিক ডায়াবেটিস ফেডারেশনের এ বছরের শ্লোগান হচ্ছে ‘ডায়াবেটিসের ওপর দৃষ্টি’। নভো নরডিস্কের শ্লোগান হচ্ছে ‘আপনার ঝুঁকি সম্পর্কে জানা’।আন্তর্জাতিক ডায়াবেটিকস ফেডারেশনের তথ্য অনুযায়ী, ডায়াবেটিস রোগীর সংখ্যার দিক থেকে শীর্ষ দশটি দেশের মধ্যে বাংলাদেশ একটি। বাংলাদেশে ২০১৫ সালে ডায়াবেটিকসে আক্রান্তের সংখ্যা ছিল ৭.১ মিলিয়ন এবং ২০১৪ সালে ছিল ৫.৯ মিলিয়ন লোক।