
নিউজ ডেস্ক : পেশাদার সাংবাদিকদের সক্রিয় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০১৭ মেয়াদের কার্যনির্বাহি কমিটির নির্বাচন আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে।ওইদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ডিআরইউ কার্যালয়ের একটানা ভোট গ্রহণ করা হবে। এর আগে ২৯ নভেম্বর সংগঠনের বার্ষিক সাধারণ সভা (এজিএম)-২০১৬ অনুষ্ঠিত হবে।আজ মঙ্গলবার ডিআরইউ নির্বাচন কমিশন এ তফসিল ঘোষণা করে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহি কমিটির কর্মকর্তা ও সদস্যের ২১টি পদের জন্য আগ্রহী প্রার্থীরা আগামী ২০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। ২২ নভেম্বর মনোনয়নপত্র বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ নভেম্বর। ২৪ নভেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এছাড়া ১৫ নভেম্বর বিকেলে খসড়া ও ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
ডিআরইউ নির্বাচনের জন্য গঠিত পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার।
কমিশনের অন্য সদস্যরা হলেন- নিউজ টুডে সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, একুশে টেলিভিশনের প্রধান নির্বাহি কর্মকর্তা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম-সম্পাদক আবু তাহের এবং সাংবাদিক নেতা এম এ আজিজ।