News71.com
 Bangladesh
 10 Mar 16, 11:58 AM
 641           
 0
 10 Mar 16, 11:58 AM

আচরণবিধি লঙ্ঘন করায় ইসির নির্দেশে সংসদ সদস্য রিমনের বিরুদ্ধে মামলা ।।

আচরণবিধি লঙ্ঘন করায় ইসির নির্দেশে সংসদ সদস্য রিমনের বিরুদ্ধে মামলা ।।

নিউজ ডেস্কঃ আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় বরগুনা-২ আসনের সংসদ সদস্য (এমপি) শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি বরগুনার বেতাগীতে একটি বিদ্যুৎ প্রকল্প উদ্বোধনের পর এমপি রিমন দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়েছেন বলে সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ পায়। এরপর স্থানীয় নির্বাচন কর্মকর্তা প্রতিবেদন পাঠালে বৃহস্পতিবার তার বিরুদ্ধে মামলা করার নির্দেশনা দেয় নির্বাচন কমিশন।

এ বিষয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ বলেন, ‘এমপি রিমনের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের প্রমাণ মিলেছে। এজন্য তার বিরুদ্ধে মামলা করা হবে।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী এমপিরা নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না এবং সরকারি কোনো প্রকল্প উদ্বোধন করতে পারবেন না। আইনানুযায়ী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ছয় মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার শাস্তির বিধান রয়েছে। কিন্তু বিধিভঙ্গ করে এমপি রিমন গত ৫ মে বেতাগী উপজেলার ২নং কিসমত ভোলানাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কেওড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভা করেন।

পল্লিবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের নামে আয়োজিত ওই জনসভায় এমপির পছন্দের প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয়। এছাড়াও এমপি রিমন প্রার্থীদের মঞ্চে তুলে তাদের পক্ষে ভোট চান। ২২ মার্চ অনুষ্ঠেয় প্রথম ধাপের ইউপি নির্বাচনে বিভিন্নভাবে আওয়ামী লীগ দলীয় প্রার্থীদের জিতিয়ে আনার জন্য প্রভাব বিস্তার করেন। একইভাবে রিমন দলীয় কার্যালয়ে বসে আওয়ামী লীগ প্রার্থীদের নিয়ে দফায় দফায় বৈঠকও করেছেন বলে অভিযোগ রয়েছে।

আচরণ বিধি লঙ্ঘনের ঘটনাটি গণমাধ্যমে প্রকাশ হলে ইসি সচিবালয় তার বিরুদ্ধে মামলার সুপারিশ করে। এর আগে পৌরসভা নির্বাচনেও সংসদ সদস্য রিমনকে আচরণবিধি লঙ্ঘনের কারণে ইসি শোকজ  নোটিশ দেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন