
নিউজ ডেস্ক: যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বর্তমান সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ে তুলতে এবং জাতির আশা আকাক্সক্ষা পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
‘প্রধানমন্ত্রীর প্রচেষ্টার অংশ হিসেবে সরকারী অর্থায়নে একটি আধুনিক তিনতলা বিশিষ্ট প্রেসক্লাব ভবন নির্মাণসহ জেলার অনেক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে’ উল্লেখ করে তিনি বলেন, প্রেসক্লাব ভবন নির্মাণের মাধ্যমে সাংবাদিকদের দীর্ঘদিনের দাবি পুরণ হতে যাচ্ছে।মঙ্গলবার নেত্রকোনা প্রেসক্লাবের তিনতলা ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রীর বক্তিগত সচিব-১ সাজ্জাদুল হাসান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন। জেলা প্রশাসক ড. মুসফিকুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নেত্রকোনা জেলা পরিষদের প্রশাসক এবং জেলা আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমান খান, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, বিশিষ্ট সমাজকর্মী ডা. এমএ হামিদ এবং নেত্রকোনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান খান বক্তব্য রাখেন। পরে আরিফ খান জয় এবং সাজ্জাদুল হাসান আনুষ্ঠানিকভাবে নেত্রকোনা প্রেসক্লাবের নতুন ভবন নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।জেলা প্রশাসক বলেন, সরকার প্রেসক্লাব ভবন নির্মানের জন্য ১ কোটি ১১ লাখ টাকা বরাদ্ধ দিয়েছে।