
নিউজ ডেস্ক : শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বিসিআইসির ভুয়া বিল সম্পর্কিত তদন্ত রিপোর্ট অনুযায়ী দোষীদের বিরুদ্ধে সরাসরি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনে মন্ত্রনালয়কে পরামর্শ দেয়া হয়েছে। আজ কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়।কমিটির সদস্য হাবিবুর রহমান মোল্লা, আবুল কালাম মোঃ আহ্সানুল হক চেধৈুরী এবং রহিম উল্লাহ সভায় অংশগ্রহণ করেন।সভায় কমিটির ১৪তম সভার সিদ্ধান্ত এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিল,২০১৬ এর উপর আলোচনা করা হয়।
সংসদে উত্থাপিত বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিল,২০১৬ কে আরো আধুনিক ও যুগোপযোগী করার জন্য একজন অভিজ্ঞ কনসালট্যান্ট নিয়োগ করে মন্ত্রনালয় এবং সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা সমন্বয়ে কমিটি গঠন করে নিয়মিত আইনটি যথেষ্ট পর্যালোচনা সাপেক্ষে চুড়ান্ত করার সুপারিশ করা হয়। আগামী ৫০ বছরে দেশের শিল্পের অবস্থান বিবেচনা করে আইন প্রনয়নের পরামর্শ দেয়া হয়। শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।