
নিউজ ডেস্ক : খুলনা সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ ঘোষনার ও ৮ম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন।খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) আয়োজিত আজ এক সাংবাদিক সমাবেশে নেতৃবৃন্দ এই দাবি জানান।বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ডাকে দেশব্যাপী সমাবেশের অংশ হিসাবে খুলনা প্রেসক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়।
বিএফইউজে নেতৃবৃন্দ গত ৭ নভেম্বর কক্সবাজারে এক মানববন্ধনে ১৫ নভেম্বরের মধ্যে ৯ম ওয়েজ বোর্ড রোয়েদাদ ঘোষনার দাবি জানায়।
নেতৃবৃন্দ ঘোষনা করেন, নিধারিত সময়ে ওয়েজ বোর্ড ঘোষিত না হলে দেশব্যাপী আন্দোলনের কর্মসূচি পালন করা হবে।কেইউজে সভাপতি এসএম জাহিদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মকবুর হোসেন মিন্টু, এসএম হাবিব, মোজাম্মেল হক হাওলাদার, গৌরঙ্গ নন্দী, মল্লিক সুধাংশু, কৌশিক দে বাপ্পী, শাহ আলম, ফারুক আহমদ, সুবীর রায় প্রমুখ।নেতৃবৃন্দ যে সকল সংবাদ পত্র ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন করে না তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের আহবান জানান। সেই সকল সংবাদ পত্রকে সরকারী সকল প্রকার সুযোগ সুবিধা প্রদান প্রত্যাহারের দাবি জানানো হয়।