News71.com
 Bangladesh
 16 Nov 16, 10:52 PM
 299           
 0
 16 Nov 16, 10:52 PM

বিএনপি গণতন্ত্রের সাথে তামাশা করছে: ওবায়দুল কাদের

বিএনপি গণতন্ত্রের সাথে তামাশা করছে: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 'বিএনপি সহিংসতার পথ বেছে নিয়ে গণতন্ত্রের সাথে তামাশা করছে।'

যারা নিজেরা গণতন্ত্রের চর্চা করে না, তারা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করবে কেমন করে, এমন প্রশ্ন উত্থাপন করে তিনি বলেন, ‘বিএনপি কারফিউ গণতন্ত্রের ভেতর দিয়ে ক্ষমতায় এসেছিল। তাদের দলের ভেতরই গণতন্ত্র নেই। এ দলটি এখন মিথ্যাচারের ওপর ভর করে রাজনীতি করছে।’

ওবায়দুল কাদের বুধবার দুপুরে কুষ্টিয়া সরকারী কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় যোগ দেয়ার আগে শহরের মজমপুরস্থ সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এর আগে ঝিনাইদহের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক পথসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী আগামী সাধারণ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী নেতাদের হুঁশিয়ার করে দিয়ে বলেন, 'যারা জনগণের সাথে খারাপ আচরণ করবে, আগামী সংসদ নির্বাচনে তাদের মনোনয়ন দেওয়া হবে না।'

সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, 'ঘটনার সাথে জড়িত মন্ত্রী, এমপি দলীয় নেতা, যেই হোক না কেন, কাউকে ছাড় দেয়া হবে না। আগে দেখা হবে তার অপরাধটা। জড়িত প্রমাণ হলে অপরাধকে দায়ী করে ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন দলীয় পরিচয় বিবেচনা করা হবে না।'

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। 

 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন