
নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী জ্বালানির দাম কমতে শুরু করার পর থেকে দেশে বিদ্যুতের উৎপাদন খরচ কমে আসছিল। বিবিয়ানা-২ বিদ্যুৎকেন্দ্রটি চালু হওয়ার পর সেই খরচ আরও কমেছে। কারণ, বেসরকারি খাতের গ্যাসভিত্তিক এই কেন্দ্র থেকে সরকার বিদ্যুৎ পাচ্ছে দেশের মধ্যে সর্বনিম্ন দামে, প্রতি ইউনিট দেড় টাকায়।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সূত্র জানায়, গতবছর প্রতি ইউনিট (এক কিলোওয়াট) বিদ্যুতের গড় উৎপাদন খরচ ছিল ৬ টাকা ২৭ পয়সা। এ বছর তা ৫ টাকা ৮০ পয়সা হয়েছে। এ ক্ষেত্রে গত ডিসেম্বরে পূর্ণ ক্ষমতায় চালু হওয়া বিবিয়ানা-২ কেন্দ্রটিরও অবদান আছে। তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত জ্বালানির (ফার্নেস ও ডিজেল) দাম সমন্বয় করা হলে বিদ্যুতের উৎপাদন খরচ আরও কমত।
গত সোমবার বিকেলে এই প্রতিবেদকসহ কয়েকজন সংবাদকর্মীর পরিদর্শনের সময় বিবিয়ানা-২ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল ২৫৫ মেগাওয়াট। কারণ, তখন চাহিদা ছিল কম। এর আগে ৩৪১ মেগাওয়াট ক্ষমতার এই কেন্দ্রটি জাতীয় গ্রিডে সর্বোচ্চ ৩৯৩ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করেছে।
আইপিপি (ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার) নীতিমালার আওতায় কেন্দ্রটি নির্মিত হয়েছে দেশের শীর্ষস্থানীয় বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান সামিট ও জেনারেল ইলেকট্রিক (জিই) এনার্জি, যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে। এই কেন্দ্রের ৮০ শতাংশের মালিকানা সামিটের। ২০ শতাংশ জিই এনার্জির। কেন্দ্রটির গ্যাস টারবাইনসহ প্রধান যন্ত্রপাতি সরবরাহ করেছে জিই। এগুলো তাদের তৈরি সর্বাধুনিক যন্ত্রপাতি, প্রযুক্তির ভাষায় যা ‘নাইন এফএ’ নামে খ্যাত।
বিদ্যুৎ মন্ত্রণালয়ের সূত্র বলছে, উৎপাদন দক্ষতা, জ্বালানি ও আর্থিক সাশ্রয়ের দিক দিয়ে বিবিয়ানা-২ ইতিমধ্যে দেশের শীর্ষস্থানে অধিষ্ঠিত হয়েছে। দেশের গ্যাসভিত্তিক অন্যান্য কেন্দ্রের উৎপাদনদক্ষতা যেখানে ৩৫ শতাংশের মধ্যে, সেখানে এই কেন্দ্রের দক্ষতা ৫০ শতাংশ। এই কেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে গ্যাস লাগে শূন্য দশমিক ১৯ ঘনমিটার। অথচ দেশের অন্যান্য কেন্দ্রে লাগে প্রায় শূন্য দশমিক ২৩ ঘনমিটার।
এই কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকা (৩০ কোটি মার্কিন ডলার)। এর মধ্যে ৩০ শতাংশ (৯ কোটি ডলার) দিয়েছেন উদ্যোক্তারা (ইক্যুইটি)। আর ২১ কোটি ডলার ঋণ, যা ব্যয়ের ৭০ শতাংশ। ঋণের মধ্যে বিশ্বব্যাংক (আইএফসি) দিয়েছে সাড়ে সাত কোটি, এশীয় উন্নয়ন ব্যাংক সাড়ে সাত কোটি এবং ইসলামি উন্নয়ন ব্যাংক দিয়েছে ছয় কোটি ডলার। প্রতিষ্ঠানগুলো সাড়ে ১৪ বছরের জন্য এই ঋণ দিয়েছে। এটি এ দেশের বেসরকারি খাতের কোনো প্রকল্পে আন্তর্জাতিক ঋণদানকারী সংস্থাগুলোর দেওয়া সর্বোচ্চ পরিমাণ ঋণ।
জানতে চাইলে সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান বলেন, এই প্রকল্প বাস্তবায়ন ছিল তাঁর কোম্পানির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চুক্তি অনুযায়ী এই প্রকল্পে আন্তর্জাতিক সংস্থাগুলো ঋণের অর্থ ছাড় করেছে বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ার পর। ফলে অর্থায়নের জন্য তাঁদের পারিবারিক ও ব্যক্তিগত যাবতীয় সম্পদ মর্টগেজ হিসেবে রেখে ব্যাংকঋণ নিতে হয়েছে। তবে প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হওয়ায় অন্য প্রকল্পের জন্যও আন্তর্জাতিক সংস্থাগুলোর ঋণ পাওয়া অপেক্ষাকৃত সহজ হবে।
সামিট গ্রুপ ১৯৯৮ সালে খুলনায় একটি ভাসমান বিদ্যুৎকেন্দ্র স্থাপনের মাধ্যমে এই খাতে কাজ শুরু করে। বর্তমানে কোম্পানিটির বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ১ হাজার ৪৬৫ মেগাওয়াট।