News71.com
 Bangladesh
 18 Nov 16, 12:07 PM
 297           
 0
 18 Nov 16, 12:07 PM

যশোরে সন্ত্রাসীদের দুই পক্ষের 'গোলাগুলি', নিহত ১

যশোরে সন্ত্রাসীদের দুই পক্ষের 'গোলাগুলি', নিহত ১

নিউজ ডেস্ক: যশোরে দুই দল সন্ত্রাসীর মধ্যে 'গোলাগুলিতে' একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে শহরতলীর খোলাডাঙ্গা সার গোডাউন এলাকায় ‘গোলাগুলির’ ঘটনা ঘটেছে বলে দাবি পুলিশের। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি এবং দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার হয়। 

নিহত হাফিজুর রহমান মরা (৩৫) শহরের ষষ্ঠিতলাপাড়ার সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুন, অস্ত্র, মাদক, বিস্ফোরক আইনে অন্তত এক ডজন মামলা রয়েছে। তিনি ষষ্ঠিতলাপাড়ার মৃত শফি মিয়ার ছেলে। 
 
কোতয়ালী থানার ওসি ইলিয়াস হোসেন জানান, দুই দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলি হচ্ছে জানতে পেরে রাত দেড়টার দিকে পুলিশ খোলাডাঙ্গা এলাকার সার গোডাউনের উত্তর পাশে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যান। সেখান থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। পুলিশ সদস্যরা তাকে সন্ত্রাসী হাফিজুর রহমান মরা বলে শনাক্ত করেন।
 
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইউসুফ আলী জানান, রাত ২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনে পুলিশ। তার মাথার বামপাশে এক রাউন্ড গুলি বিদ্ধ হয়েছে।
 
উল্লেখ্য, শহরের ষষ্ঠিতলাপাড়ার কথিত সন্ত্রাসী বাহিনী প্রধান ম্যানসেলকে সম্প্রতি তিন দফা হত্যার চেষ্টা হয়। প্রথম দফায় শহরের রেলগেট এলাকায় তার গাড়ি লক্ষ্য করে গুলি করা হয়। কয়েকদিন পর শহরের চারখাম্বা মোড়ে তার গাড়িতে গুলি ও বোমার বিস্ফোরণে ঘটানো হয়। এতে ম্যানসেল ও তার চার সহযোগী গুরুতর জখম হন। 
 
সর্বশেষ গত সপ্তাহে ম্যানসেলের বাড়িতে সশস্ত্র হামলা চালায় সন্ত্রাসীরা। এসব ঘটনায় হাফিজুর রহমান মরা নেতৃত্বদানকারীদের একজন ছিলেন বলে অভিযোগ করা হচ্ছিল। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন